১০ বার মাথায় বল লাগা সেই পুকোভস্কির অবসর

আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ০৫:২৬ পিএম

অস্ট্রেলিয়ার ঘরোয়াতে ৫৫ এর উপরে ছিল গড়। তার ক্রিকেটীয় দক্ষতা নিয়ে কখনো প্রশ্ন ছিল না। বলা হচ্ছে উইল পুকোভস্কির কথা। পুকোভস্কি মাত্র ১ টেস্ট খেলে ২৬ বছর বয়সে ক্রিকেট থেকে অবসরে গেলেন।

পুকোভস্কির অবসরে যোগ হয়েছে নতুন একটি শব্দ 'মেডিক্যালি রিটায়ার!'

২০২০ সালে জাতীয় দলে প্রথম ডাক পেলেও খেলা হয়নি তখন। অভিষেক টেস্টে ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে ৬২ রানের পর দ্বিতীয় ইনিংসে ১০ রান করেছিলেন।

কিন্তু এরপর জাতীয় দলে খেলা হয়নি। তার কারণ মাথায় বল লেগে ইনজুরি। নির্বাচকদের নজরে পড়ার পর ম্যাচ ও অনুশীলন মিলিয়ে মাথায় ১০ বার বল লেগেছে পুকোভস্কির।

সবশেষ গেল মার্চেও একবার মাথায় বল লেগেছে। এরপর থেকেই ছিলেন খেলার বাইরে।

বার বার মাথায় বল লাগা পুকোভস্কির মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলেছে। এমন নয় যে বাউন্সারে পুল-হুক খেলতে পারেন না তবু বার বার তার মাথায় বলের আঘাত লাগে।

চিকিৎসকদের পরামর্শে পুকোভস্কিকে অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আগেই। তবে ক্রিকেট ভিক্টোরিয়া এই সপ্তাহেই নতুন চুক্তিতে তাকে না রেখে অবসরের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে।

পুকোভস্কি ৩৬ প্রথম শ্রেণীর ম্যাচে ২৩৫০ রান করেছেন। গড় ৪৫.১৯। সেঞ্চুরি করেছেন ৭টি, ফিফটি ৯টি। সর্বোচ্চ ইনিংস অপরাজিত ২৫৫ রানের। লিস্ট এ খেলেছেন ১৪ ম্যাচ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত