স্মরণকালের ভয়াবহ বন্যায় প্লাবিত হয়েছে নোয়াখালী, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, হবিগঞ্জসহ দেশের ১২টি জেলা। বন্যার কবলে ক্ষতিগ্রস্ত হয়েছে ৫০ লাখেরও বেশি মানুষ। ভয়াবহ এই পরিস্থিতি মোকাবিলায় উলামায়ে কেরাম পরোক্ষ ও প্রত্যক্ষভাবে অগ্রণী ভূমিকা রাখছেন। সাড়ে ৩ লাখ মসজিদের মিম্বার থেকে একযোগে তারা পুরো দেশবাসীকে আহ্বান জানিয়েছেন বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে। যার ফলশ্রুতিতে দেশবাসী যার যার জায়গা থেকে সাধ্যমতো বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। এ বিপদ কাটিয়ে উঠতে প্রত্যক্ষ সহযোগিতায় এগিয়ে এসেছেন ইমাম, খতিব, কওমি মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা।
দেশের উল্লেখযোগ্য একটি দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া আরাবিয়া মিফতাহুল উলুম, মাসকান্দা, ময়মনসিংহ। যা মাসকান্দা মাদ্রাসা নামে মানুষের কাছে পরিচিত। ময়মনসিংহের এই মাদ্রাসার উদ্যোগে গত ২৭ আগস্ট বন্যা কবলিত এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
জামিয়ার প্রিন্সিপাল মাওলানা দেলাওয়ার হোসাইন, শায়খুল হাদিস মুফতি আহমদ আলী, শিক্ষা সচিব মাওলানা মুহাম্মদ জাকারিয়া এবং সহকারী শিক্ষা সচিব মুফতি মুহাম্মদ ইলয়াসের প্রচেষ্টায় জামিয়ার শিক্ষক, কর্মচারী, বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা মিলে বন্যার্তদের জন্য বিশেষ ত্রাণ তহবিল গঠন করে।
গত ২৬ আগস্ট পর্যন্ত ফান্ড গ্রহণ কার্যক্রম পরিচালিত হয়। এতে এলাকাবাসী এবং জামিয়ার শুভাকাঙ্ক্ষীরা ব্যাপক সাড়া দিয়ে ত্রাণ তহবিলে অর্থ প্রদান করেন। গত ২৭ আগস্ট জামিয়ার প্রিন্সিপালের নির্দেশে মুহাদ্দিস মাওলানা জুনাইদ এবং মুফতি মুজিবুর রহমানের নেতৃত্বে শিক্ষক ও শিক্ষার্থীদের একটি দল নোয়াখালীর বেগমগঞ্জ, নরোত্তমপুর, সেনবাগ, মহিদিপুরসহ কয়েকটি দুর্গত এলাকায় ভ্যান, ভেলা এবং মাথায় ত্রাণের বস্তা বহন করে কোমর সমান পানি ভেঙে ত্রাণ বিতরণ করেন। সেখানে কয়েকশত পরিবারে ত্রাণসামগ্রী বিতরণের পাশাপাশি নগদ অর্থ সহায়তাও প্রদান করা হয়। যারা একেবারেই ত্রাণ পায়নি এবং আশ্রয়কেন্দ্রেও যায়নি, মহল্লার ইমাম এবং এলাকাবাসীর সহযোগিতায় তাদের প্রাধান্য দিয়ে ত্রাণ দেওয়া হয়।
ত্রাণসামগ্রীতে ছিল চাল, ডাল, আলু, পেঁয়াজ, লবণ, তেল, মুড়ি, বিস্কুট, বিশুদ্ধ পানি, স্যালাইন, লাইটার ইত্যাদি। জামিয়ার সাবেক ছাত্র দানিয়াল মুহাম্মদ আম্মারের নামে পরিচালিত সামাজিক সেবামূলক প্রতিষ্ঠান ‘দানিয়াল মুহাম্মদ আম্মার ফাউন্ডেশন’ জামিয়ার এই মহতি উদ্যোগে সর্বাত্মক সহযোগিতা করে। জামিয়ার এই উদ্যোগকে আবনায়ে জামিয়া, এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীরা সাধুবাদ জানান এবং ভূয়সী প্রশংসা করেন।
শেখ হাসিনা-রেহেনা-পুতুল-জয় ও ববিসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা
আ. লীগ নেতার বিরুদ্ধে তেলের লরি ছিনিয়ে নেওয়ার অভিযোগ