টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী হাসপাতালে সাদিয়া আক্তার নামে এক গৃহবধূ একসঙ্গে চার পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। বৃহস্পতিবার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে তাদের জন্ম হয়। সাদিয়া আক্তার দেলদুয়ার উপজেলার বর্ণী গ্রামের আল আমিনের স্ত্রী।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৫ বছর আগে দেলদুয়ার উপজেলার রতনরী গ্রামের লুৎফর রহমানের মেয়ে সাদিয়া আক্তারের সঙ্গে একই উপজেলার বর্ণী গ্রামের অটোরিকশা চালক আল আমিনের বিয়ে হয়। বিয়ের পর এই গৃহবধূর প্রথম চার সন্তানের জন্ম হল। নিরাপদ প্রসবের জন্য গত ১৪ আগস্ট সাদিয়াকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সিজারিয়ানের মাধ্যমে বেলা ১২টা ২৬ মিনিটে দুইজন ও ১২টা ২৭ মিনিটে দুইজনের জন্ম হয়।
এদের মধ্যে দুইজনকে এনআইসিইউতে এবং অন্য দুই শিশুকে মায়ের কাছে রাখা হয়েছে। এক শিশু কিছুটা দুর্বল বলে হাসপাতালে কর্তব্যরত এক নার্স জানিয়েছেন। তবে মা ও শিশু পুত্র সুস্থ আছে বলে জানা গেছে।
কুমুদিনী হাসপাতালের ডিজিএম (অপারেশন) অনিমেষ ভৌমিক লিটন জানান, মা ও বাচ্চারা নিবির পর্যবেক্ষণে আছে।
