ইসরায়েলি মন্ত্রীদের ওপর নিষেধাজ্ঞা দিতে ইইউকে পরামর্শ

আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ১০:৩২ পিএম

ফিলিস্তিনিদের বিরুদ্ধে ‘বিদ্বেষমূলক’ মন্তব্য করায় ইসরায়েলের বেশ কয়েকজন মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা দেওয়া হবে কি না ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য রাষ্ট্রগুলোর কাছে জানতে চেয়েছেন সংস্থাটির পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ও ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট জোসেপ বোরেল।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৯ আগস্ট) বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের প্রাক্কালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। তবে এ সময় তিনি কোনো ইসরায়েলি মন্ত্রীর নাম সরাসরি উল্লেখ করেননি।

সম্প্রতি ইসরায়েলি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির ও অর্থমন্ত্রী বেজালেল স্মতরিচ ফিলিস্তিনিদের কেন্দ্র করে যেসব বক্তব্য দিয়েছেন সেগুলোকে বোরেল ‘ক্ষতিকর’ ও ‘যুদ্ধাপরাধ সংঘটনে প্ররোচনা’ দেওয়ার সমতুল্য অভিহিত করেছেন। 

জোসেপ বোরেল বলেন, আমি সদস্য রাষ্ট্রগুলোকে জিজ্ঞাসা করার প্রক্রিয়া শুরু করেছি। তারা নিষেধাজ্ঞার তালিকায় কয়েকজন ইসরায়েলি মন্ত্রীকে অন্তর্ভুক্ত করা উপযুক্ত বলে মনে করে কি না।

তবে জোসেফ বোরেল এই পরামর্শ দিলেও কূটনীতিক ও বিশ্লেষকেরা বলছেন, ইইউ ইসরায়েল সরকারের মন্ত্রীদের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য সবগুলো (২৭) সদস্য রাষ্ট্রের সম্মতি পাবে এমন সম্ভাবনা কম।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত