গাজীপুরের শ্রীপুরে দুই পোশাক শ্রমিক নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বুধবার (২৮ আগস্ট) রাতে শ্রীপুর মডেল থানায় নিহতদের বাবা পৃথক দু’টি মামলা করেন।
নিহতরা হলেন- গাজীপুরের মাওনা ইউনিয়নের কপাটিয়াপাড়া গ্রামের জামাল উদ্দিন দয়ালের ছেলে জাকির হোসেন রানা (৩৫) ও বগুড়ার শারিয়াকান্দি উপজেলার জামতল গ্রামের মো. মুঞ্জু মিয়ার ছেলে রহমত মিয়া (২০)। রানা বাড়ির পাশে মোড়ল মার্কেট এলাকায় ঢাকা ফারইস্ট গার্মেন্টসে চাকরি করতেন। অপরদিকে রহমত মিয়া ছিলেন গাজীপুর সদর এলাকার এসএম নিটওয়্যার কারখানার কর্মী।
একটি মামলার বাদী জাকির হোসেন রানার বাবা জামাল উদ্দিন দয়াল ও অপরটির বাদী রহমত মিয়ার বাবা মো. মুঞ্জু মিয়া। দু’টি মামলাতেই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া, ৯৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫ শতাধিককে দুই মামলায় আসামি করা হয়েছে।
জামাল উদ্দিন দয়ালের মামলায় শেখ হাসিনা ছাড়া অন্যান্য আসামি আছেন আরও ৩৬ জন। আসামির মধ্যে রয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, আলোচিত সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ, সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ওবায়দুল কাদেরের ভাগিনা আলী হায়দার রতন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান, গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম, গাজীপুরের শ্রীপুরের মাওনা ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন। এছাড়াও মামলায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী ও অজ্ঞাত ৫০০ আসামি রয়েছেন।
অপরদিকে মো. মুঞ্জু মিয়ার মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, হারুন অর রশিদসহ মোট আসামি ৬০ জন। এই মামলায় উল্লেখ আসামিদের মধ্যে আছেন সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, আজমত উল্লাহ খান (৭৩), সাবেক মেয়র জাহাঙ্গীর আলম (৪৮), সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী টুসি, গাজীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ (৪৯), শ্রীপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জামিল হাসান দুর্জয়, শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমান ও তার ছোট ভাই হাফিজুর রহমান। এছাড়া এই মামলায়ও অন্তত ৫০০ থেকে ৬০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
জানা যায়, গত ৫ আগস্ট দুপুরে মাওনা পল্লী বিদ্যুত মোড় এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন জাকির হোসেন রানা। একই দিন গুলিবিদ্ধ হয়ে নিহত হন রহমত মিয়া।
শ্রীপুর মডেল থানার ওসি এম সোহেল রানা জানান, বুধবার রাতে মামলা দু’টি হয়েছে। উভয় মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসামি করা হয়েছে। এছাড়াও সাবেক অনেক এমপি ও রাজনৈতিক নেতার নাম রয়েছে।
