পাকিস্তানের একমাত্র সমস্যাই যেন বাবর: রমিজ রাজা

আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ০২:৩৯ পিএম

পাকিস্তানের মতো দলের ক্রিকেটার হওয়া মানে মাঠের বাইরে প্রচুর চাপ সামলানো। বাবর আজমকেই দেখুন না। দেশটির সাদা বলের এই অধিনায়ক নিঃসন্দেহে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার। কিন্তু পান থেকে চুন খসলেই শুরু হয় সমালোচনা। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে বাজে পারফরমেন্সের পর চলছে বাবরের সমালোচনা। এবার এসব বন্ধের আহবান জানালেন রমিজ রাজা। সেইসঙ্গে বাবরকে দিলেন পরামর্শ।

রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে ‘ডাক’ মেরেছিলেন বাবর। দ্বিতীয় ইনিংসেও শূন্য রানে ক্যাচ দিয়ে বেঁচে যান। তবে ২২ রানের বেশি করতে পারেননি। সর্বশেষ ৭ টেস্টে তার কোনো ফিফটি নেই। তিন সংস্করণ মিলিয়ে গত এক বছরে সেঞ্চুরি মাত্র একটি। একই সময়ের গড়ও তার ক্যারিয়ার গড়ের চেয়ে বেশ কম। ব্যাট হাতে খারাপ সময়ের মধ্য দিয়ে যাওয়া বাবরের পাশে দাঁড়িয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও সাবেক পিসিবি প্রধান রমিজ রাজা।

নিজের ইউটিউব চ্যানেলে রমিজ বলেছেন, ‘মনে হচ্ছে, বাবর ছাড়া পুরো জাতির আর কোথাও কোনো সমস্যা নেই। দুর্ভাগ্যজনকভাবে ব্যাপারটা এমন হয়ে গেছে যে দল হেরেছে, আপনিও রান পাননি আর আপনি মানুষটি বাবর আজম—তাহলেই শিরোনাম হয়ে যায় ‘‘আমরা কীভাবে হারলাম? সে কী করল? তার অবদান কী?’’ এর সঙ্গে আছে সামাজিক যোগাযোগমাধ্যম। এখানে যে কেউই সমালোচনা করতে পারেন, হাসাহাসি করতে পারেন।

সমালোচকদের উদ্দেশ্যে রমিজ রাজা আরও বলেন, ‘এগুলো যতটা সম্ভব নিরুৎসাহিত করতে হবে। ক্রিকেট আমাদের রক্তে মিশে আছে। জানি না, টেস্ট ক্রিকেটে এভাবে কত দিন হারতে হবে। একটা দলের ভক্ত–সমর্থক বাড়ে জয়ের মাধ্যমে। কারণ, সমর্থকেরা সফল গল্পের অংশ হতে চান। বাবরের সাফল্যের গল্প আছে। এতে কোনো সন্দেহ নেই যে তিন সংস্করণেই সে বড় মাপের খেলোয়াড়।’

সকল সমালোচনা এড়িয়ে খারাপ সময় থেকে বেরিয়ে আসার জন্য বাবরকে কিছু পরামর্শও দিয়েছেন রমিজ, ‘প্রথমত, সামাজিক যোগাযোগমাধ্যম এড়িয়ে চলতে হবে। দ্বিতীয়ত, বর্তমানে মনোযোগ রাখতে হবে। রান না পেলে তখন এটা মানসিক খেলায় পরিণত হয় এবং অন্য ভাবনা শুরু হয়। বাবরের চেহারায় উদ্বেগ ফুটেও উঠেছে। সে ব্যাপক চেষ্টা করে যাচ্ছে, সুতরাং হতাশাও কাজ করছে। গুরুত্বপূর্ণ হচ্ছে, সে কীভাবে ব্যাটিং করছে। অনুশীলনে হুক আর পুল শট চর্চা করো। তাহলেই বলে মনোযোগ বাড়াতে পারবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত