ট্রাম্পের প্রচারণায় নিজেদের গান ব্যবহারে আপত্তি জানিয়েছে অ্যাবা

আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ১২:১৭ এএম

মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রচারণায় নিজেদের গান বাজানোয় আপত্তি জানিয়েছে সুইডিশ পপ গোষ্ঠী অ্যাবা। গত মাসে মিনেসোটায় ট্রাম্পের প্রচারণা শিবিরে ‘ড্যান্সিং কুইন’, ‘মানি মানি মানি’, ‘দ্য উইনার টেকস ইট অল’সহ বেশ কয়েকটি বিখ্যাত গান বাজানোর পর বৃহস্পতিবার (২৯ আগস্ট) এক বিবৃতি দিয়েছে ব্যান্ডটির রেকর্ড লেবেল ইউনিভার্সাল মিউজিক। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউনিভার্সাল মিউজিক বলেছে, ‘আমরা ট্রাম্পের প্রচারণা শিবিরের যে ভিডিওগুলো প্রকাশিত হয়েছে সেখানে অ্যাবার সংগীত ব্যবহার করা হয়েছে বলে আমরা খুঁজে পেয়েছি। তাই এই জাতীয় সংগীতের ব্যবহার অবিলম্বে সরিয়ে ফেলার অনুরোধ করছি।’ট্রাম্পের রাজনৈতিক অনুষ্ঠানে বিনা অনুমতিতে বিখ্যাত শিল্পীদের কাজ ব্যবহার নিয়ে প্রশ্ন তোলার ঘটনা এই প্রথম নয়। সোল এবং ফাঙ্ক শিল্পী আইজ্যাক হেইসের পরিবার এই মাসের শুরুতে ট্রাম্পের সংগীতের অননুমোদিত ব্যবহারের জন্য আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছিল। গত জুলাইয়ে সুইডেনের সোভেনস্কা ডাগব্লাডেটের এক সাংবাদিক জানিয়েছিলেন, মিনেসোটায় ট্রাম্পের প্রচারণায় দ্য উইনার টেকস ইট অল বাজানো হয়েছিল। পরে একটি বড় পর্দায় অ্যাবার ১০ মিনিটের একটি ভিডিও ক্লিপের মাধ্যমে তাদের কয়েকটি বিখ্যাত গান বাজানো হয়। এ ছাড়া, গত মার্চে আইরিশ গায়ক সিনিড ও’কনরের এস্টেট ট্রাম্পকে নির্বাচনী প্রচারণায় বিখ্যাত বিদ্রোহী গায়কের ‘নাথিং কম্পেয়ারস টু ইউ’ ব্যবহার বন্ধ করতে বলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত