দৈনিক সময়ের আলোর ভারপ্রাপ্ত সম্পাদক কমলেশ রায়, প্রকাশক গাজী আহমেদ উল্লাহ্ ও জ্যেষ্ঠ প্রতিবেদক এসএম মিন্টুর বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত ২৫ আগস্ট ঢাকার ১ম যুগ্ম জেলা জজ আদালতে বাদী হয়ে এ মামলা করেন দুর্নীতির অভিযোগ ওঠা কাস্টমসের সাবেক কমিশনার ড. এসএম হুমায়ূন কবির। মামলায় মানহানির অভিযোগ এনে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। হুমায়ূন কবিরের অবৈধ আয় ও দুর্নীতির খবর প্রকাশ করায় ক্ষুব্ধ হয়ে তিনি এ মামলা করেছেন বলে অভিযোগ উঠেছে।
এদিকে গতকাল শুক্রবার সরকারি ছুটির দিন হলেও আদালতের সমন জারিকারক সময়ের আলোর কার্যালয়ে এসে মামলার কপি দিয়ে যান। আগামী ২৫ সেপ্টেম্বর আদালতে হাজির হতে সময়ের আলোর ভারপ্রাপ্ত সম্পাদক, প্রকাশক ও সংশ্লিষ্ট প্রতিবেদককে নির্দেশ দিয়েছে আদালত।
সময়ের আলোর ভারপ্রাপ্ত সম্পাদক বলেন, ‘দুর্নীতির খবর প্রকাশ করায় হুমায়ূন কবির যে মানহানির মামলা করেছেন সেটা মূলত তার বিষয়ে দুর্নীতির তদন্ত বা ব্যবস্থা গ্রহণ থেকে নিজেকে বাঁচানোর কৌশল বলে মনে করি। কেননা, তার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগে খবর প্রকাশিত হয়েছে সেখানে তার আত্মপক্ষ সমর্থনের অংশ হিসেবে বক্তব্য দেওয়া হয়েছে। এ ছাড়া আলাদা প্রতিবাদলিপি পাঠালে সেটিও ছাপানো হয়েছে। তারপরও মানহানির মামলা করার উদ্দেশ্য হচ্ছে গণমাধ্যমের দুর্নীতিবিরোধী খবর প্রকাশের ক্ষেত্রে প্রকারান্তরে হুমকিস্বরূপ।’
