প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভবনে আগুনে শ্রমিক নিহত

আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ০৭:১৪ এএম

নরসিংদীর পলাশে প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের একটি ভবনে অগ্নিকা-ে এক শ্রমিক নিহত হয়েছে। আগুনে ভবনে থাকা প্লাস্টিকের তৈরি বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়। গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে জেলার পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নে অবস্থিত ডাঙ্গা ইন্ডাস্ট্রিয়াল পার্ক (ডিআইপি) কারখানায় এ আগুনের ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম আজহারুল ইসলাম (৩১)। তিনি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার রাধানগর গ্রামের মৃত আনোয়ার আলীর ছেলে।

পলাশ ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে প্রাণের ডাঙ্গা ইন্ডাস্ট্রিয়াল পার্কের একটি দোতলা ভবনের প্লাস্টিকের তৈরি মালামালের গুদামে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে পলাশ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিযন্ত্রণের চেষ্টা চালায়। এ ছাড়া আগুন নেভাতে কোম্পানির নিজস্ব দমকল বাহিনী কাজ করে। পরে আগুনের মাত্রা বাড়তে থাকায় নরসিংদী ও মাধবদী থেকে আরও পাঁচটি ইউনিট যোগ দিয়ে তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

পলাশ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার সাদেকুল বারি বলেন, কারখানার যে অংশে আগুন লেগেছে সেখানে ওয়ানটাইম প্লেট এবং অন্যান্য প্লাস্টিক পণ্য তৈরি হতো। কী কারণে এ আগুনের ঘটনা, তা এখনো জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ তদন্তের পর জানা যাবে।

এদিকে আগুনের বিষয়ে জানতে প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের ডাঙ্গা ইউনিটের নির্বাহী পরিচালক ফজলে রাব্বি বিপ্লব জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে ওই সেকশনের অপারেটর আজহারুল ইসলাম মারা গেছেন। ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত