আগামীকাল থেকে উন্মুক্ত হচ্ছে সুন্দরবন

আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ০৫:৫৭ পিএম

প্রাণ প্রকৃতি রক্ষায় দীর্ঘ তিন মাস প্রবেশ নিষিদ্ধ থাকার পর আগামীকাল রবিবার (১ সেপ্টেম্বর) থেকে উন্মুক্ত হচ্ছে সুন্দরবন। অনুমতি নিয়ে এদিন থেকে পর্যটক ও বনজীবীরা সুন্দরবনে প্রবেশ করতে পারবেন। ইতিমধ্যে সুন্দরবন সংলগ্ন বনজীবী ও ট্যুর অপারেটররা প্রস্তুতি শুরু করেছেন।

বন বিভাগ সূত্রে জানা গেছে, প্রাকৃতিক বৈচিত্র্য রক্ষা, জীবজন্তু ও মাছের প্রজনন বাড়াতে পহেলা জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত ৯২ দিনের জন্য সুন্দরবনের নদ-নদীতে মাছ, কাঁকড়া ধরা ও পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। 

সুন্দরবনের নদীতে মাছ ও কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করা মানুষগুলোর দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলায় চারদিকে বিরাজ করছে উৎসবের আমেজ।

সুন্দরবন সংলগ্ন শরণখোলার সাউথখালী এলাকার জেলে গনি হাওলাদার বলেন, ‘আমাদের এলাকার বহু মানুষ সুন্দরবনের ওপর নির্ভরশীল। তিন মাস প্রবেশ নিষেধ থাকায় আমাদের ইনকামের পথ বন্ধ হয়ে গেছে। রবিবার থেকে আবার কাজে ফিরতে পারব। আমরা পাশ পারমিট নিয়ে বনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি।’ 

ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবনের (টোয়াস) সাধারণ সম্পাদক নাজমুল আজম বলেন, ‘তিন মাস বন্ধ থাকার পর রবিবার সুন্দরবনে প্রবেশের নিষেধাজ্ঞা ঊঠে যাচ্ছে। টুরিস্টদের জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। বুকিং পেলে আগামীকাল থেকে টুরিস্টদের নিয়ে সুন্দরবনে প্রবেশ করতে পারব।’

এসব বিষয়ে সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম কে এম ইকবাল হোসাইন চৌধুরী বলেন, সুন্দরবনকে রক্ষায় সময়ের সাথে সাথে মানুষের প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করা হচ্ছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে পর্যটকসহ জেলেরা বনে যাওয়ার সুযোগ পাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত