ফরিদপুরে গাছ কাটা নিয়ে ‌দুপক্ষের সংঘর্ষে আহত ২০

আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ০৭:২০ পিএম

ফরিদপুরের ভাঙ্গায় গাছ কাটা নিয়ে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার (৩১ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার আলগী ইউনিয়নের পীরেরচর গ্রামে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙা উপজেলার পীরেরচর গ্রামের চুন্নু শেখ ও সেকেন মাতুব্বরের সঙ্গে ওসমান মাতুব্বর ও আবু মাতুব্বরের একটি জায়গা নিয়ে আগে থেকেই বিরোধ চলে আসছিল। এর আগে দুপক্ষের মধ্যে এ নিয়ে কয়েকদফা বৈঠক হয়। বৈঠকে দুপক্ষের মধ্যে সমানভাবে জায়গা ওসমান ও আবু মাতুব্বরের মধ্যে ভাগাভাগি করে দেওয়া হয়। এরপর সেই জায়গা থেকে ওসমান মাতুব্বরের লোকজন তাদের অংশ থেকে বেশ কয়েকটি গাছ কেটে নেয়। অপর অংশ থেকে গতকাল সকালে আবু মাতুব্বর গাছ কাটতে যান। এ সময় বাধা দেন সেকেন শেখ। এ নিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। এরপরই ওসমান মাতুব্বর, আবু মাতুব্বরের লোকজনের সঙ্গে চুন্নু শেখ ও সেকেন মাতুব্বরের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় চারটি বাড়ি ভাঙচুর করা হয়। খবর পেয়ে ভাঙা থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

এ ব্যাপারে জানতে চাইলে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিব জানান, বর্তমানে এলাকায় শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে। তবে এখন পর্যন্ত এ ব্যপারে কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।   

×
সর্বশেষ সর্বাধিক পঠিত