যুক্তরাষ্ট্রে ঘরে ঢুকে নেপালি তরুণীকে খুন ভারতীয় বংশোদ্ভূতের

আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ০৭:৫১ পিএম

যুক্তরাষ্ট্রের হিউস্টনে এক নেপালি তরুণীকে গুলি করে খুন করার অভিযোগ উঠেছে এক ভারতীয় বংশোদ্ভূতের বিরুদ্ধে। সোমবার ঘর থেকে তার দেহ উদ্ধার করা হয় বলে শনিবার জানিয়েছে স্থানীয় পুলিশ।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম ববি সিংহ শাহ। তাকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত ওই তরুণীর নাম মুনা পাণ্ডে। নেপাল থেকে আমেরিকায় পড়াশোনা করতে গিয়েছিলেন তিনি। একটি বাড়ি ভাড়া নিয়ে থাকছিলেন মুনা। সোমবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টা নাগাদ মুনার গুলিবিদ্ধ দেহ উদ্ধার করে পুলিশ। তরুণীর শরীরের একাধিক জায়গায় গুলির চিহ্ন ছিল।

তদন্তকারী এক কর্মকর্তা জানিয়েছেন, মুনারই এক প্রতিবেশী বিষয়টি প্রথম লক্ষ্য করেন। তিনিই পুলিশে খবর দেন। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পর ববি সিংহকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ডাকাতি করতে এসেছিলেন ববি। তার পরই মুনার গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। কেন মুনাকে খুন করলেন, ববিকে জেরা করে তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

হিউস্টনের নেপালি অ্যাসোসিয়েশন নিউ ইয়র্ক পোস্টকে জানিয়েছে, মুনা হিউস্টন কমিউনিটি কলেজে পড়াশোনা করতেন। ২০২১ সালে আমেরিকায় আসেন তিনি। গত শনিবার কন্যার সঙ্গে শেষ কথা হয়েছিল তার, এমনই জানিয়েছেন মুনার মা। তার পর থেকে তার সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি। তার পরই তিনি জানতে পারেন ঘর থেকে কন্যার গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত