সুযোগ পেলেই ভারতকে খোঁচান মাইকেল ভন

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১২ পিএম

ভারতের ক্রিকেট নিয়ে ব্যাঙ্গ-বিদ্রূপ করায় মাইকেল ভনের জুড়ি নেই। কোনো একটা ইস্যু পেলেই হলো, সাবেক ইংল্যান্ড অধিনায়ক নেমে পড়েন যুদ্ধে। চলতি লর্ডস টেস্টে জোড়া সেঞ্চুরি করে রেকর্ড গড়েছেন জো রুট। ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ৩৪টি টেস্ট সেঞ্চুরি এখন তার। সেই রুটকে কেন্দ্র করেই ফের ভারতকে খোঁচা মারলেন ভন। এবার তার টার্গেট ২৯টি টেস্ট সেঞ্চুরির মালিক বিরাট কোহলি।

টুইটারে রীতিমতো কোহলি আর রুটের তুলনামূলক পরিসংখ্যান পোস্ট করেছেন মাইকেল ভন। ক্যাপশনে ভারতের পতাকার ইমো দিয়ে লিখেছেন, ‘শুভ সকাল ভারত’। সেই পরিসংখ্যান দিয়ে তিনি বোঝাতে চেষ্টা করেছেন, কোহলির একবছরেরও বেশি পরে অভিষেক হওয়া রুট কীভাবে ভারতীয় ক্রিকেটারকে ছাড়িয়ে গেছেন। কোহলির চেয়ে ৩১টি টেস্টের ৭২টি ইনিংস বেশি খেলে রান, স্ট্রাইক-রেট বা গড়- টেস্ট ক্রিকেটের সবক্ষেত্রেই কোহলিকে ছাড়িয়ে গেছেন রুট।

রুটের সংগ্রহ এখন ১২ হাজার ১৩১ রান। অন্যদিকে ৮ হাজার ৮৪৮ রান করেছেন কোহলি। কোহলির রানের গড় ৪৯.১৫। সেখানে রুটের রানের গড় ৫০.৩৩। রুটের স্ট্রাইক-রেটও কোহলির চেয়ে ভালো। কোহলির স্ট্রাইক রেট যেখানে ৫৫.৫৬, সেখানে রুটের স্ট্রাইক রেট ৫৬.৭০। ব্যবধান খুব বেশি না হলেও রুটই এগিয়ে। কোহলির ফিফটির সংখ্যা ৩০টি, রুটের ৬৪। ভারতীয় ব্যাটারের তুলনায় তার ছক্কার সংখ্যাও বেশি- ৪৪টি।

রুট শ্রীলঙ্কার বিপক্ষে লর্ডস টেস্টের প্রথম ইনিংসে ১৪৩ রানের পর দ্বিতীয় ইনিংসে খেলেছেন ১০৩ রানের ইনিংস। বিশ্লেষকদের মতে, ১৬ মাসের রান আর সেঞ্চুরিখরা কোহলির পরিসংখ্যানকে ব্যাপককভাবে প্রভাবিত করেছে। ২০১৯ সালের নভেম্বর থেকে ২০২২ সালের মার্চের মধ্যে কোহলির কোনো টেস্ট সেঞ্চুরি নেই। ২০২২ সালের প্রথমার্ধে ফর্ম হারানোর পর প্রথমবারের মতো তার টেস্ট গড় পঞ্চাশের নিচে নেমে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত