পাপনের বিরুদ্ধে এক হাত হারানো ট্রাক্টর চালকের মামলা

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৫ পিএম

ট্রাক্টর চালক মামুন মিয়া, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই সন্ত্রাসীদের হামলায় ডান হাত হারিয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। এমন ন্যক্কারজনক হামলার ঘটনায় ভুক্তভোগী মামুন মিয়া সাবেক ক্রীড়ামন্ত্রী ও বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনসহ ১১৭ জনের বিরুদ্ধে মামলা করেছেন।

রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ আদালতে বাদী হয়ে মামুন মিয়া এ মামলা করেন। তিনি ভৈরব পৌর শহরের লক্ষ্মীপুর গ্রামের জাহের মিয়ার ছেলে।

পাপন ছাড়াও মামলায় অন্যান্য উল্লেখযোগ্য অভিযুক্তরা হলেন- ভৈরব উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাখাওয়াত হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাকিব রায়হান, পাপনের পিএস আলমগীর হোসেন প্রমুখ।

মামলার বাদী মামুন মিয়া জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চলাকালে গত ১৯ জুলাই দুপুরে বাড়ি যাচ্ছিলেন। ভৈরবের লক্ষ্মীপুর এলাকার পাদুকা মার্কেটের সামনে পৌঁছালে প্রধান আসামি নাজমুল হাসান পাপনের নির্দেশে তার ওপর হামলা চালায় অভিযুক্তরা। তাকে উপর্যুপরি কুপিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করে ফেলে যায় অভিযুক্তরা।

পরে স্বজনরা এসে তাকে উদ্ধার করে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে অবস্থার অবনতি হলে রাজধানীর পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকরা অপারেশনের মাধ্যমে তার ডান হাতটি কেটে ফেলেন।

বর্তমানে অপর হাতটিও হারিয়ে ফেলার শঙ্কায় আছেন। তাই তিনি অভিযুক্তদের যথাযথ বিচার দাবি করে আদালতে মামলা করেছেন বলে জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত