বসুন্ধরার সামনে লেবানন চ্যাম্পিয়ন নেজমেহ

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৩ এএম

এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে শুরুতেই পরীক্ষা দিতে হবে বাংলাদেশ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে। ২৬ অক্টোবর ভুটানের রাজধানী থিম্পুতে শুরু হবে এ গ্রুপের খেলা। প্রথম দিনে বাংলাদেশ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ লেবানন জায়ান্টস নেজমেহ স্পোর্টিং ক্লাব। এরপর ২৯ অক্টোবর দ্বিতীয় ম্যাচে বসুন্ধরা খেলবে ভারত জায়ান্ট ইস্ট বেঙ্গলের বিপক্ষে। আর ১ নভেম্বর তাদের শেষ ম্যাচ স্বাগতিক ভুটান চ্যাম্পিয়ন পারো এফসি’র বিপক্ষে।

ওয়েস্ট ও ইস্ট জোনের ক্লাবগুলোকে পাঁচটি গ্রুপে ভাগ করে হবে গ্রুপ পর্বের খেলা। বসুন্ধরা কিংস রয়েছে ওয়েস্ট জোনে। এই জোনে তিন গ্রুপের চ্যাম্পিয়ন ও তিন গ্রুপের মধ্যে সেরা রানার্স-আপ নাম লিখাবে কোয়ার্টার ফাইনালে। ইস্ট জোনের গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ যাবে শেষ আটে।

টানা পাঁচটি লিগ শিরোপা জয়ী বসুন্ধরা কিংস র‌্যাংকিং অনুযায়ী আছে ২৪তম স্থানে। অন্যদিকে স্বাগতিক ভুটানের পারো এফসি ৪০তম। অর্থাৎ শুরুর দুই ম্যাচেই বোঝা যাবে কিংস কতদূর যেতে পারবে এবার। যদিও এখনো প্রাক-মৌসুম প্রস্তুতি শুরু করেনি বসুন্ধরা। মূলত জাতীয় দলের কাছে খেলোয়াড় ছাড়তে হওয়ায় ক্লাবটি শুরু করতে পারেনি প্রস্তুতি। ভুটানের বিপক্ষে ৫ ও ৮ সেপ্টেম্বর দুটি ম্যাচ খেলে জাতীয় দল ফিরলেই রোমানিয়ান নতুন কোচ ভ্যালেরিউ তিতার অধীনে শুরু হবে অনুশীলন। যদিও এবারও কাগজে-কালমে সেরা দল গড়েছে বসুন্ধরা কিংস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত