তদন্তে জ্ঞাত আয় বহির্ভূত ১ কোটি ৭ লাখ টাকার সম্পদ অর্জনের প্রমাণ পাওয়ায় ফটিকছড়ি উপজেলা সাব রেজিস্ট্রার কার্যালয়ের সাবেক অফিস সহকারী মাহফুজুর রহমান এবং তার স্ত্রী দিলুয়ারা বেগমের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন চট্টগ্রাম জেলা কার্যালয়। অভিযুক্ত অফিস সহকারী মাহফুজুর রহমান বর্তমানে সন্দ্বীপ উপজেলা সাব রেজিস্ট্রার কার্যালয়ে কর্মরত বলে জানা গেছে।
এই দম্পতির সম্পদ বিবরণী দাখিলের পর অনুসন্ধান শেষে আজ রবিবার (২ সেপ্টেম্বর) সংস্থাটির কার্যালয়ে মামলাটি দায়ের করেছেন দুদকের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী।
অভিযুক্ত দম্পতির গ্রামের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার কালারপুল এলাকায়। দুদক থেকে নোটিশ জারির পর ওই দম্পতি ২০২৩ সালের ১৬ এপ্রিল তাদের সম্পদ বিবরণী দাখিল করেন। মামলা দায়েরের বিষয়টি আজ রাতে দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন সংস্থাটির উপ পরিচালক আতিকুল আলম।
