সিডিএ চেয়ারম্যান হলেন প্রকৌশলী নুরুল করিম। তিনি গত ২৪ এপ্রিল নিয়োগ পাওয়া মোহাম্মদ ইউনুছের স্থলাভিসিক্ত হবেন। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব কানিজ ফাতেমা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সিডিএ চেয়ারম্যান হিসেবে মোহাম্মদ ইউনুছের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরো বলা হয়, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আইন-২০১৮ এর ধারা-৭ অনুযায়ী প্রতিষ্ঠান ও অন্যান্য সংগঠনের সঙ্গে সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হলো।
এর আগে এই পদে গত ২৪ এপ্রিল চেয়ারম্যান পদে যোগদান করেছিলেন মোহাম্মদ ইউনুছ। পূর্ববর্তী সরকারের পক্ষ থেকে রাজনৈতিক বিবেচনায় নিয়োগপ্রাপ্ত মোহাম্মদ ইউনুছ গত ৫ আগস্টের পর সিডিএতে অফিস করছিলেন না। ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর থেকে নিরাপত্তার কারণে তিনি অফিসে না আসায় এক ধরনের স্থিতাবস্থা বিরাজ করছিল। তিনি নিজেও এই পদ থেকে তাকে যাতে সরিয়ে দেওয়া হয় তা চেয়েছিলেন।
গতকাল রবিবার দেশ রূপান্তরের সাথে কথা বলার সময় মোহাম্মদ ইউনুছ বলেছিলেন, আমি চাই আমাকে সরিয়ে দেওয়া হউক। আমি যেহেতু পূর্ববর্তী সরকারের নিয়োগপ্রাপ্ত তাই আমাকে সরিয়ে দেওয়াই ভালো।
এদিকে বর্তমানে নিয়োগপ্রাপ্ত প্রকৌশলী নুরুল করিম দেশ রূপান্তরকে বলেন, চট্টগ্রামকে একটি সুন্দর ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য।
প্রকৌশলী নুরুল করিম চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাসিন্দা। এর আগে তিনি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী দায়িত্বে ছিলেন। এ ছাড়া ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ চট্টগ্রাম কেন্দ্রের ভাইস চেয়ারম্যান ও সম্মানী সম্পাদক এবং বিএনপি পন্থী প্রকৌশলীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব) এর নেতা ছিলেন।
