প্রায়ই ১১ ঘন্টা অবরুদ্ধ থাকার পর কক্সবাজার নার্সিং ও মিডওয়াইফারি কলেজের সব শিক্ষক একযোগে পদত্যাগ করেছেন। গতকাল রবিবার (১ সেপ্টেম্বর) বিকেল থেকে ৫ শিক্ষিকাকে অবরুদ্ধ করেন একই কলেজের শিক্ষার্থীরা। পরে প্রশাসনের লোকজন আসলে গভীর রাতে সব শিক্ষক একযোগে পদত্যাগ করে কলেজ ত্যাগ করেন।
জেলা প্রশাসন, কক্সবাজার সদর হাসপাতাল ও কলেজের শিক্ষার্থীর জানান, কক্সবাজার নার্সিং ও মিডওয়াইফারি কলেজের শিক্ষার্থীরা ফ্যাকাল্টির পুরো কমিটির পদত্যাগ চেয়ে একদফা দাবি উপস্থাপন করেন। দাবি না মেনে উল্টো মেয়ে শিক্ষার্থীদের উপর ছেলে শিক্ষার্থীরা অতর্কিত হামলা করেছে এমন অভিযোগে রবিবার বিকেল থেকে প্রায় ১১ ঘণ্টা ৫ শিক্ষিকা ও ১১ ছাত্রকে অবরুদ্ধ রাখে শিক্ষার্থীরা। পরে কক্সবাজার সদর হাসপাতালের দুই আবাসিক মেডিকেল অফিসার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, র্যাব এসে প্রায় তিন ঘণ্টা বৈঠক শেষে সকল শিক্ষকরা পদত্যাগ করেন।
পুরো বিষয়টিতে সমন্বয় করেন কক্সবাজার সদর হাসপাতালের দুই আবাসিক মেডিকেল অফিসার ডা. জিআরএম জিহাদুল ইসলাম এবং ডা. আশিকুর রহমান।
জিহাদুল ইসলাম বলেন, কয়েক ঘণ্টা বৈঠকে সমাধানের চেষ্টা করা হয়েছে। শিক্ষার্থীদের দাবি শিক্ষকরা মেনে নিয়েছে। তাদের দাবি অনুযায়ী পদত্যাগ করেছে সকল শিক্ষক। এখন কলেজটি শিক্ষক শূন্য হয়ে গেছে। কিভাবে এই সংকট দূর করা যাবে সেটি ডিজিএমএন দেখবে।
এদিকে দাবি মেনে নেওয়ায় সন্তুষ্টির কথা জানিয়ে নিরাপত্তাহীনতার কথা জানিয়েছেন শিক্ষার্থীরা।
আন্দোলন সমন্বয়কারী উর্মী আক্তার বলেন, আমরা দুর্নীতিমুক্ত ক্যাম্পাসের দাবি জানিয়েছিলাম। যেহেতু দুর্নীতিতে পুরো ফ্যাকাল্টি জড়িত ছিল তাদের পদত্যাগ আমরা চেয়েছি। আমাদের দাবি মেনে নিয়েছে এতে আমরা সন্তুষ্ট কিন্তু আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি।
