সাভারে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ৩৫ কারখানা ছুটি ঘোষণা

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৯ পিএম

সাভারের আশুলিয়ায় পোশাক কারখানায় শ্রমিক ছাঁটাই বন্ধ, হাজিরা বোনাস প্রদান, শ্রমিক নিয়োগে নারী-পুরুষের সমানুপাতিক হারে নিয়োগ ও আন্দোলনকারী শ্রমিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়াসহ ১১ দফা দাবিতে নবীনগর-চন্দ্রা ও বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শ্রমিকরা।

আজ সোমবার (২ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে আশুলিয়ার ডিইপিজেড এলাকায় এ বিক্ষোভ কর্মসূচী পালন করেছেন তারা। সকাল ৯টার দিকে পলাশবাড়ী এলাকার গিল্ডান বাংলাদেশ নামক তৈরি পোশাক কারখানা, বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের নিশ্চিন্তপুর, জামগড়া এলাকার বিভিন্ন কারখানার সামনে জড়ো হওয়া চাকরি প্রার্থীরা বিক্ষোভ করেন। নিরাপত্তার স্বার্থে শিল্প এলাকার অন্তত ৩৫টি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক বলেন, সকালে বেশ কিছু লোক লাঠিসোঁটা নিয়ে জামগড়া এলাকার 'দি রোজ" কারখানায় ইটপাটকেল ছুড়তে থাকে। পরে তারা আইডিএস কারখানায় ইটপাটকেল ছুড়ে চলে যায়। আসলে তারা শ্রমিক কি না তা বোঝা যায়নি, তবে তারা চাকরি প্রার্থী হতে পারেন। কারখানায় ইটপাটকেল ছুড়লে সড়কের দুই পাশের অন্তত ৩৫ কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

আন্দোলনকারী শ্রমিক আব্দুর রহমান জানায়, চার মাস ধরে বেকার আছি। কাজের সন্ধানে এলেও কারখানার সামনে ঢুকতে দিচ্ছেন না নিরাপত্তাকর্মীরা। সেই সুযোগে স্বজনপ্রীতি ও টাকার বিনিময়ে চাকরি পাচ্ছেন অযোগ্যরা।

অপর শ্রমিক খাজিদা আক্তার বলেন, চাকরি না পেয়ে কষ্টে আছি। কাজ জেনেও আজ আমি বেকার। ঘর ভাড়া, দোকান বাকি, সংসারের খরচ শুধুই বাড়ছে। যতদিন পর্যন্ত দাবি পূরণ না হবে ততদিন এ আন্দোলন চলবে।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম বলেন, চাকরির দাবিতে আন্দোলন করছেন বেকাররা। এছাড়াও পোশাক কারখানায় নারী—পুরুষের সমানুপাতিক হারে নিয়োগের দাবিসহ আরও কয়েকটি দাবি রয়েছে। সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতায় বাইপাইল—আবদুল্লাহপুর সড়কের অবরোধ তুলে দেওয়া হয়েছে। একই সঙ্গে ডিইপিজেড এলাকার অবরোধ তুলে নিতে আন্দোলনকারীদের বোঝানো হচ্ছে। তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত