ইসলামী ব্যাংক বাংলাদেশ ও এক্সিম ব্যাংকের সাবেক এমডি ও সিইও মু. ফরীদ উদ্দীন আহমদ ইউনিয়ন ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন।
ফরীদ উদ্দীন আহমদ ১৯৮৩ সালের ৩০ মার্চ ইসলামী ব্যাংক বাংলাদেশ প্রতিষ্ঠার প্রথম লগ্নেই যোগদান করেন। তিনি ১৯৭৭ সালে বাংলাদেশ ব্যাংক নিয়োগ কমিটির মাধ্যমে ব্যাংকিং পেশায় প্রবেশ করেন এবং সোনালী ব্যাংকে যোগদান করেন। তিনি বাংলাদেশে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ও পদ্ধতির উন্নয়নের সঙ্গে যুক্ত ছিলেন। ফরীদ নাইজেরিয়ায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কর্তৃক মনোনীত ‘জাইজ ব্যাংক’ প্রতিষ্ঠার জন্যও কাজ করেছেন।
তিনি বাংলাদেশে ইসলামী ব্যাংকিংয়ে অবদানের জন্য সেন্ট্রাল শরিয়াহ বোর্ড অ্যাওয়ার্ড লাভ করেন। এ ছাড়া বাংলাদেশে ইসলামী ব্যাংকিং প্রতিষ্ঠা, প্রবৃদ্ধি ও উন্নয়নে অসামান্য অবদানের জন্য তাকে নবাব স্যার সলিমুল্লাহ স্বর্ণপদক প্রদান করা হয়। বিজ্ঞপ্তি
