গাজীপুরের কালিয়াকৈরে সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন বৃদ্ধি, ভারতীয় কর্মকর্তাদের প্রত্যাহার, যথাসময়ে বেতন প্রদানসহ ২০ দফা দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করেছে কোমল পানীয় তৈরি প্রতিষ্ঠানের শ্রমিকরা।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সামনে ওই প্রতিষ্ঠানের মূল ফটকে এ কর্মসূচি পালন করে শ্রমিকরা।
পুলিশ সূত্রে জানা গেছে, শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার মূল ফটকের সামনে অবস্থান নেয়। এসময় তারা কারখানা থেকে ভারতীয় কর্মকর্তাদের প্রত্যাহার, সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন বৃদ্ধি, যথাসময়ে বেতন প্রদান, নূন্যতম বেতন ৭ হাজার টাকায় বৃদ্ধি, সকল শ্রমিকদের ৩ বছর পর পর পদোন্নতি দেওয়া, বৈশাখী উৎসব বোনাস, নারী শ্রমিকদের রাতে ডিউটি না করানো, চুক্তি পত্রের মেয়াদকাল ২ বছর করাসহ ২০ দফা দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করে। ওই প্রতিষ্ঠানের মূল ফটক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে হওয়ায় শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভের আতঙ্কে যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর অতিরিক্ত পুলিশ সুপার (কালিয়াকৈর-শ্রীপুর সার্কেল) আজমীর হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে শান্ত করা হয়েছে। বর্তমানে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিষ্ঠান এলাকায় অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
টেস্ট চ্যাম্পিয়নশিপে চারে উঠে এলো বাংলাদেশ