স্কুলের বরাদ্দ আত্মসাতের অভিযোগ প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে 

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৪ পিএম

স্কুল মাঠের মাটি ভরাট করার জন্য বরাদ্দকৃত টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে স্কুলের ভারপ্রাপ্ত  প্রধান শিক্ষক শশাংক চন্দ্র বিশ্বাস ও ম্যানেজিং কমিটির সভাপতির মো. অলি উল্লাহ চঞ্চল মাস্টারের বিরুদ্ধে। সোমবার (২ সেপ্টেম্বর) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ  উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রাথমিক  শিক্ষা অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ  করেন ১৫ জনের স্বাক্ষর বিশিষ্ট স্কুলের ম্যানেজিং কমিটির কয়েকজন সদস্য এবং এলাকাবাসী। অভিযোগে উল্লেখ করা হয়, স্কুল মাঠের মাটি ভরাট করার জন্য সরকার কর্তৃক ১০ লক্ষ টাকা বরাদ্দ আসে। স্কুলের  সভাপতি ও প্রধান শিক্ষক মিলে ৩ লাখ ৬০ হাজার টাকার মাটি ও রাবিশ ফেলে বাকী টাকা আত্মসাৎ করেন।

স্কুল কমিটির সহসভাপতি ও প্রকল্প বাস্তবায়ন কমিটির সহসভাপতি রহিম উদ্দিন বলেন, ‘স্কুলের মাটি ভরাটের বিষয়ে তারা কাউকে কিছু জানায়নি। তারা নিজেদের মনগড়া কাজ করেছে। কাজ শেষ করে আমাদের স্বাক্ষর নিতে আসলে আমরা বরাদ্দকৃত টাকা ও কাজের হিসেব চাইলে তারা দেননি। তবে আমরা এখানে যারা মাটি ভরাটের কাজ করেছে তাদের সাথে কথা বলে এবং বিভিন্নভাবে আমরা হিসেব করে দেখেছি ৩ লক্ষ ৬০ হাজার টাকার কাজ করা হয়েছে। বাকী টাকা সভাপতি ও প্রধান শিক্ষক ভাগবাটোয়ারা করে নিয়েছেন।’ 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়  সূত্রে জানা যায়, ২০২৩-২২৪ অর্থ বছরে স্কুল মাঠের মাটি ভরাটের জন্য ১০ লাখ টাকার স্পেশাল বরাদ্দ পায় স্কুলটি। নিয়ম অনুযায়ী এই কাজগুলি স্কুল পরিচালনা কমিটির তত্ত্বাবধানে হওয়ার কথা। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার বলেন,' এবিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত