শেখ হাসিনা ভারতে বসে একের পর এক ষড়যন্ত্র করছেন: মামুনুল হক

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২১ পিএম

বাংলাদেশ খেলাফত মজলিসের মুহতারাম মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক ভারতকে উদ্দেশ্য করে বলেন, শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর চেষ্টা করেছিলেন। একই সাথে এই দেশের কোটি কোটি টাকা তিনি বিদেশে পাচার করেছেন। বর্তমানে শেখ হাসিনা ৫ আগস্টের গণঅভ্যুত্থানকে ব্যর্থ করে দিতে ভারত বসে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছেন। আমাদের সবাইকে সজাগ থাকতে হবে ষড়যন্ত্রকারীদের বিরদ্ধে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা শাখার আয়োজনে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ, আহতদের স্মরণ ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে এবং পতিত স্বৈরশাসক ও তার সহযোগীসহ সকল অপরাধীদের বিচারের দাবিতে জগন্নাথপুর পৌর পয়েন্টে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, গত ১৫ বছর ধরে ভারত বাংলাদেশের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে, তাদের স্বার্থ হাসিল করার জন্য ১৮ কোটি মানুষের স্বার্থের কথা তারা চিন্তা করেনি।  তাই বাংলার মানুষ শেখ হাসিনাকে বিতাড়িত করে ভারতকে উচিৎ জবাব দিয়েছে। 

তিনি বলেন, বাংলাদেশ আর কোনোদিন ভারতের সেবাদাসে পরিণত হবে না। ভারতের কোনোও দালাল সরকার বাংলাদেশের ক্ষমতায় বসতে পারবে না। ভারত আমাদের প্রতিবেশী বন্ধু, বন্ধুর মতো থাকবে। তবে আবারও যদি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত নাক গলাতে আসে তাহলে তাদের উচিৎ জবাব দেওয়া হবে।

পথসভা শেষে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ, আহতদের স্মরণ ও বিভিন্ন জেলার বন্যাদুর্গত মানুষদের জন্য দোয়া করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত