জনগণের মনোজগতের পরিবর্তন ধারণ করে চলতে হবে: আমির খসরু 

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩২ পিএম

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো জোটসঙ্গীদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। শুক্রবার (০৬ সেপ্টেম্বর) বিকেলে গুলশান বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠকে নেতৃত্ব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও লিয়াজোঁ কমটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠক শেষে খসরু বলেন, ‘নতুন বাংলাদেশে জনগণের মনোজগতে যে পরিবর্তন এসেছে তা ধারণ করে চলতে হবে। তরুণদের স্বপ্ন ও আকাক্ষা পূরণে জনগণের কাছে যেতে হবে।’

তিনি বলেন, ‘নতুন বাংলাদেশে যে পরিবর্তন আনা জরুরি সেগুলো জনগণের কাছে তুলে ধরা হবে। তারেক রহমান যে জাতীয় সরকারের ঘোষণা দিয়েছেন তা রাজপথের সব দলকে নিয়েই হবে। এরপর ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র সংস্কার করা হবে। প্রয়োজনে আরও কিছু যুক্ত হবে।’

খসরু বলেন, ‘একটি পক্ষ বিভিন্ন কারখানা ও ওষুধশিল্প প্রতিষ্ঠানে অস্থিতিশীলতা তৈরি করতে চাচ্ছে। তাদের বিষয়ে সজাগ থাকতে হবে। আমরা দেশকে স্থিতিশীল রাখতে চাই।’

প্রথম ধাপে ন্যাপ ভাসানীর সঙ্গে এ বৈঠক হয়। এতে উপস্থিত ছিলেন দলটির চেয়ারম্যান মো. আজহারুল ইসলামের নেতৃত্বে ১২ সদস্যদের প্রতিনিধি দল। এরপর বৈঠক হয় বাংলাদেশ পিপলস পার্টির সঙ্গে। এতে দলটির চেয়ারম্যান মোহাম্মদ বাবুল সরদার চাখারীর নেতৃত্বে ১২ সদস্যদের প্রতিনিধি দল অংশ নেয়। উভয় বৈঠকে বিএনপির লিয়াজোঁ কমিটি ও দলটির ভাইস- চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু অংশ নেন। পরে গণফোরামের একাংশের সভাপতি মোস্তফা মহসিন মন্টু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেয়। 

খোঁজ নিয়ে জানা গেছে, বৈঠকে অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়। এছাড়া বিএনপি-জামায়াতের মধ্যেকার বৈরী সম্পর্কের বিষয়টিও বিএনপির কাছে জানতে চান যুগপৎ আন্দোলনের সঙ্গীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত