এমআই সিক্স ও সিআইএ প্রধানের দাবি

বিশ্বব্যবস্থা বর্তমানে হুমকির মুখে

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৪ পিএম

বর্তমানে বিশ্বব্যবস্থা হুমকির মুখে রয়েছে বলে হুঁশিয়ারি করেছেন যুক্তরাজ্যের ‘এমআই সিক্স’ ও যুক্তরাষ্ট্রের ‘সিআইএ’র প্রধান। তাদের মতে, এমন অবস্থা তারা স্নায়ুযুদ্ধের পর আর এমন পরিস্থিতি দেখেননি। দুই গোয়েন্দা সংস্থার প্রধান বলেন, ইউক্রেনে আগ্রাসী রাশিয়া ও পুতিনের আগ্রাসন প্রতিহত করতে উভয় দেশ একসঙ্গে অবস্থান নিয়েছে।

ফিনান্সিয়াল টাইমসে লিখা যৌথ নিবন্ধে এমআই সিক্স প্রধান রিচার্ড মুর ও সিআইএ প্রধান উইলিয়াম বার্নস লিখেছেন, তারা ইউক্রেন যুদ্ধে কিয়েভকে সহায়তার জন্য গোপন তথ্য প্রকাশ করে আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করতে সক্ষম হয়েছেন।

তারা বলেন, ইউরোপজুড়ে রাশিয়ার ‘বেপরোয়া অভিযান’ ব্যাহত করা, ইসরায়েল-গাজা যুদ্ধে উত্তেজনা প্রশমনের জন্য চাপ দেওয়া এবং পুনরুত্থানকারী ইসলামিক স্টেটকে (আইএস) ব্যর্থ করতে সন্ত্রাসবাদ মোকাবিলায় কাজ করা হচ্ছে।

সম্পাদকীয়তে তারা লিখেছেন, ‘এতে কোনো সন্দেহ নেই আন্তর্জাতিক বিশ্বব্যবস্থা এমনভাবে হুমকির মধ্যে রয়েছে যা আমরা স্নায়ুযুদ্ধের পর দেখিনি।’ এমন পরিস্থিতিকে সফলভাবে মোকাবিলা করা যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিশেষ সম্পর্কের ভিত্তি বলে মনে করেন দুই দেশের গোয়েন্দা সংস্থার প্রধান।

তারা জানান, উভয় দেশের মুখোমুখি হওয়া এমন ‘অভূতপূর্ব হুমকির’ একটি হলো রুশ-ইউক্রেন যুদ্ধ। তারা বলেন, এই সংঘাত দেখিয়েছে প্রযুক্তি কীভাবে যুদ্ধের গতিপথ পরিবর্তন করতে পারে এবং ‘পরীক্ষা এবং উদ্ভাবনের’ প্রয়োজনীয়তা তুলে ধরেছে।

তারা আরও বলেন, ইউক্রেনের বাইরেও ইউরোপ জুড়ে রুশ গোয়েন্দাদের ‘বেপরোয়া প্রচারণা’ ও ‘পরিকল্পিতভাবে মিথ্যা তথ্য ছড়ানোর জন্য প্রযুক্তির ব্যবহার’ ব্যাহত করতে একযোগে কাজ চালিয়ে যাচ্ছি।

শনিবার লন্ডনের কেনউড হাউজে এফটি উইকেন্ড ফেস্টিভ্যালে প্রথমবারের মতো জনসম্মুখে হাজির হন তারা দু’জন। এসময় সিআইএ প্রধান বার্নস উপস্থিত সবাইকে বলেন, ‘পুতিনের দখল দুর্বল হওয়ার কোনো প্রমাণ তিনি দেখেননি।’ অন্যদিকে এমআই সিক্স প্রধান রিচার্ড বলেন, রাশিয়ার গোয়েন্দা সংস্থাগুলো ইউরোপে নাশকতামূলক অভিযানের জন্য ‘কিছুটা মরিয়া’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত