বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘দেশের জনগণ যেভাবে ব্রিটিশ ও পাকিস্তানিদের তাড়িয়েছে সেভাবে ৫ আগস্ট শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে।’ গতকাল শনিবার সকালে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীরউত্তম) এর মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘শেখ হাসিনার ১৬-১৭ বছর শাসনে কেউ একটু শব্দ করতে পারত না। বাংলাদেশের মানুষ কী চাইত আর চাইত না সেটা শেখ হাসিনার ধার ধরত না। মানুষের পিঠ দেয়ালে এমনভাবে ঠেকিয়ে দিয়েছিলেন যে মানুষ তার জীবনের মায়া না করে তার পতনের জন্য ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমেছিল।’
তিনি বলেন, ‘যারা নিজের দেশের জনগণেরস ওপর অত্যাচার করে, হত্যা করে, আয়না ঘর বানিয়ে বছরের পর বছর মানুষদের আটকে রাখে তারা দেশ পরিচালনা করবে কীভাবে? কিছুদিন পুলিশ দিয়ে হত্যা গুম করে দেশ পরিচালনা করেছে। কিন্তু মানুষ তার জীবনের মায়া ত্যাগ করে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমে তাদের পতন করেছে। যেমনিভাবে ব্রিটিশদের তাড়িয়েছে ১৯৭১ সালে পাকিস্তানিদের তাড়িয়েছে ঠিক তেমনি ৫ আগস্ট শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে।’
