কোরিয়া ভিত্তিক অন-লাইন বিটিএস ফ্যান ক্লাবের আসক্তিতে নিখোঁজ হওয়া মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে উদ্ধার করেছে র্যাব -৮ মাদারীপুর ক্যাম্পের সদস্যরা।
রোববার (৮ সেপ্টেম্বর) মাদারীপুর র্যাব-৮ ক্যাম্পে কোম্পানী কমান্ডার লে. বিএন মো. সাহরিয়ার রিফাত অভি সংবাদ সম্মেলনে এ কথা জানান।
তিনি বলেন, শরীয়তপুর জেলার পালং থানার স্বর্নঘোষ এলাকার একটি মাদ্রাসার ৪র্থ শ্রেণির শিক্ষার্থী গত রবিবার সকালে প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে ফিরে আসেনি। পরে আশপাশে কোথাও খুঁজে না পাওয়ায় নিখোঁজ শিক্ষার্থীর বিষয়টি মাদারীপুর র্যাব ক্যাম্পে জানানো হয়। র্যাব তথ্য প্রযুক্তির সহায়তা ওই শিক্ষার্থীকে উদ্ধার করে।
জানা যায়, নিখোঁজ শিক্ষার্থী কোরিয়া ভিত্তিক অন-লাইন বিটিএস ফ্যান ক্লাবের ভক্ত এবং সে কোরিয়া যাওয়ার জন্য বাড়ি হতে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছিল। তাকে ঢাকার আজিমপুর থেকে উদ্ধার করা হয়। পরে ১১ বছর বয়সি ওই শিক্ষার্থীকে পরিবারের কাছে ফেরত দেয়া হয়।
