বাগেরহাটের ফকিরহাটে পিকআপ ও ব্যাটারি চালিত ইজিবাইকের মুখোমূখি সংঘর্ষে স্কুল শিক্ষিকাসহ চারজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো একজন। আহত একজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটার দিকে বাগেরহাট-খুলনা মহাসড়কের ফকিরহাট উপজেলার টাউন নওয়াপাড়া এলাকার আব্দুল্লাহ’র স’মিলের সামনে এই দূর্ঘটনা ঘটে। সোমবার দুপুরে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। তবে পিকআপটিকে আটক করতে পারেনি পুলিশ।
নিহতরা হলেন- বাগেরহাট সদর উপজেলার সায়েড়া মধুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিপা আক্তার (২৮), বাগেরহাটের রামপাল উপজেলার নবাবপুর এলাকার রাজমিস্ত্রি মো. মাসুম (৩০), একই এলাকার রাজমিস্ত্রি শওকত আলী (৪০) ও হিরন (৪৫)।
কাটাখালী হাইওয়ে থানার এসআই মো. আশরাফুল হক এই প্রতিবেদককে বলেন, সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটার দিকে ফকিরহাটের কাটাখালী থেকে বাগেরহাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ব্যাটারী চালিত ইজিবাইকটি বাগেরহাট-খুলনা মহাসড়কের টাউন নওয়াপাড়া এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায়। ইজিবাইকে থাকা নারী যাত্রীসহ তিনজন ঘটনাস্থলেই মারা যান। আহত দুইজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে একজন চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান। অন্য আরেকজনের অবস্থাও সংকটাপন্ন। সোমবার দুপুরে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। পিকআপটিকে শনাক্তের কাজ চলছে।
