শ্রীপুর

‘পরকীয়ায় আপত্তি’ করায় স্ত্রীকে খুন, সন্তান নিয়ে পালালেন স্বামী

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৮ পিএম

গাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর দেড় বছর বয়সী মেয়েকে নিয়ে পালিয়ে গেছেন এক স্বামী। নিহতের স্বজনদের দাবি, স্বামীর পরকীয়ায় আপত্তি করায় কৌশলে শ্বাসরোধে স্ত্রীকে হত্যা করা হয়। সোমবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের এনামুল হকের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম তামান্না আক্তার (২০)। তিনি গফরগাঁও উপজেলার বাড়াই গ্রামের আলতাফ হোসেনের মেয়ে। অভিযুক্ত স্বামীর নাম সামিউল ইসলাম (২৬)। তিনি ত্রিশালের শিমুলতলা গ্রামের শাহজাহান আলীর ছেলে। কাজ করতেন পোশাক কারখানায়। তামান্না ও সামিউল ভাড়া বাসায় থাকতেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সামিউল ও তামান্নার মধ্যে প্রায়ই কলহ লেগে থাকত। অনেক সময় মারামারির ঘটনাও ঘটেছে। সোমবার সকালে ঘরের মেঝেতে তামান্নার নিথর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। তামান্নার মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 
নিহতের ছোটবোন তাহেরা খাতুন বলেন, ‘দুলাভাই (সামিউল) দীর্ঘ দিন ধরে এক মেয়ের সাথে ফোনে কথা বলতেন। একসময় তাদের মধ্যে গভীরতা বাড়ে। এ নিয়ে প্রায় সময় দুজনের মধ্যে কলহ লেগে থাকত। কথা কাটাকাটি হলে প্রায় সময় দুলাভাই আপাকে খুন করার হুমকি দিত।’ তার দাবি, পরকীয়ায় বাধা দেওয়ায় তার বোনকে হত্যা করা হয়েছে।

শ্রীপুর মডেল থানার ওসি (অপারেশন) নয়ন কুমার কর জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নারীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে স্বজনদের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত