৪২ ক্রীড়া ফেডারেশনের সভাপতিকে অব্যাহতি দিলো সরকার

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৬ পিএম

একাধারে ৪২ ক্রীড়া ফেডারেশন, অ্যাসোসিয়েশন, সংস্থার সভাপতিদের অব্যাহতি দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মঙ্গলবার মন্ত্রণালয়ের সহকারী সচিব এস.এম. হুমায়ুন কবির স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয় জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ এর ২২ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার দেশের বিদ্যমান ফেডারেশন/অ্যাসোসিয়েশন/বোর্ড/সংস্থার কার্যক্রম অধিকতর সক্রিয় ও সংস্কারের উদ্দেশ্যে এই ফেডারেশনগুলোর সরকার মনোনীত সভাপতিদের অব্যাহত প্রদান করে। এর আগে অন্তবর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ দাবা ফেডারেশন, বাংলাদেশ কাবাডি ফেডারেশন ও বাংলাদেশ ব্রিজ ফেডারেশনের সভাপতিকে অব্যাহতি জানানো হয়েছিল। এছাড়া আগে থেকেই সভাপতি পদ শূণ্য ছিল শরীর গঠন, বুত্থান অ্যাসোসিয়েশন ও ইয়োগা অ্যাসোসিয়শনের। সরকারের নতুন সিদ্ধান্তে জাতীয় ক্রীড়া পরিষদের আওতাভুক্ত ৫৫ ক্রীড়া ফেডারেশন, অ্যাসোসিয়েশন ও সংস্থার মধ্যে ৪৮টির সভাপতি পদ শূণ্য হলো। 

গলফ ফেডারেশন, সাঁতার ও হকি ফেডারশন, বিলিয়ার্ড ফেডারেশন ও কিক বক্সিং অ্যাসোসিয়শনের সভাপতিকে অব্যাহতি দেওয়া হয়নি এখনো। এর মধ্যে গলফ, সাঁতার ও হকি ফেডারেশনের দায়িত্বে আছেন তিন বাহিনীর তিন প্রধান। জাতীয় ক্রীড়া পরিষদের আওতাধীন হলেও বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্ব স্ব আন্তজার্তিক সংস্থার মাধ্যমে পরিচালিত হওয়ায় সরাসরি সরকারের পক্ষে নিয়োগ ও ভেঙে দেওয়ার ক্ষমতা নেই।

মঙ্গলবার যে ৪২টি ফেডারেশন, অ্যাসোসিয়েশন ও সংস্থার সভাপতিকে অব্যাহতি দেওয়া হয়েছে, সেগুলো হলো- ব্যাডমিন্টন ফেডারেশন, শুটিং স্পোর্টস ফেডারেশন, হ্যান্ডবল ফেডারেশন, জুডো ফেডারেশন, কারাতে ফেডারেশন, তায়কোয়ান্দো ফেডারেশন, টেবিল টেনিস ফেডারেশন, জিমন্যাস্টিকস ফেডারেশন, বাস্কেটবল ফেডারেশন, আরচারি ফেডারেশন, মহিলা ক্রীড়া সংস্থা, অ্যামেচার বক্সিং ফেডারেশন, ভারোত্তোলন ফেডারেশন, উশু ফেডারেশন, ক্যারম ফেডারেশন, সাইক্লিং ফেডারেশন, টেনিস ফেডারেশন, অ্যামেচার কুস্তি ফেডারেশন, রোলার স্কেটিং ফেডারেশন, ভলিবল ফেডারেশন, স্কোয়াশ র‌্যাকেটস ফেডারেশন, রোয়িং ফেডারেশন, বধির ক্রীড়া সংস্থা, বাশাআপ অ্যাসোসিয়েশন, রাগবি ইউনিয়ন, ফেন্সিং অ্যাসোসিয়েশন, বেজবল অ্যাসোসিয়েশন, প্যারালিম্পিক, সার্ফিং অ্যাসোসিয়েশন, মাউন্টেরিয়ারিং অ্যাসোসিয়েশন, চুক বল অ্যাসোসিয়েশন, শেপাক টাকরো অ্যাসোসিয়েশন, জুজুৎসু অ্যাসোসিয়েশন, প্যারা আরচারি অ্যাসোসিয়েশন, কান্ট্র্রি গেমস অ্যাসোসিয়েশন, থ্রো বল অ্যাসোসিয়েশন, আন্তর্জাতিক তায়কোয়ান্দো অ্যাসোসিয়েশন, ঘুড়ি অ্যাসোসিয়েশন, অ্যাথলেটিকস ফেডারেশন, খিউকুশিন কারাতে অ্যাসোসিয়েশন, খোখো ফেডারেশন, মার্শাল আর্ট কনফেডারেশন।   

ক্রীড়া মন্ত্রণালয় গঠিত পাঁচ সদস্যের সার্চ কমিটির সুপারিশে অচিরেই এসব ফেডারেশনে সভাপতি মনোনয়ন দেওয়া হবে।

ক্রীড়া মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন

×
সর্বশেষ সর্বাধিক পঠিত