গণসংহতি আন্দোলনের নিবন্ধনে কোনো আইনি বাধা নেই

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৬ পিএম

গণসংহতি আন্দোলনকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে আপিল বিভাগে নির্বাচন কমিশনের (ইসি) করা আবেদন প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ফলে গণসংহতিকে ইসির নিবন্ধন পেতে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। 

মঙ্গলবার সুপ্রিম কোর্টে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান গণসংহতির আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। এ সময় গণসংহতির প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি উপস্থিত ছিলেন।

২০১৭ সালের ২৮ ডিসেম্বর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে ইসিতে আবেদন করে গণসংহতি। ২০১৮ সালের ১৯ জুন ইসি এক চিঠির মাধ্যমে নিবন্ধন করা যাবে না মর্মে গণসংহতিকে অবহিত করে। পরে ইসির এ চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। 

প্রাথমিক শুনানি নিয়ে গণসংহতিকে নিবন্ধন দেওয়া নিয়ে রুল দেয় হাইকোর্ট। ২০১৯ সালের ১১ এপ্রিল রুলের চূড়ান্ত শুনানি নিয়ে রুল মঞ্জুর করে আদালত। একই সঙ্গে রায়ের অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে গণসংহতিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে নির্দেশ দেন হাইকোর্ট। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে ইসি যা গত সোমবার প্রত্যাহার করে নেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত