‘প্রতীক্ষা’ নামে কলকাতার একটি সিনেমায় দেবের বিপরীতে অভিনয় করার কথা ছিল তাসনিয়া ফারিণের। অভিজিৎ সেনের পরিচালনায় আগামী নভেম্বর মাসের শুরুর দিকে কলকাতা ও যুক্তরাজ্যে শুটিং শুরুর কথা ছিল। কিন্তু সিনেমাটিতে আর থাকছেন না ফারিণ। দুই দেশের সাম্প্রতিক অবস্থায় সিনেমাটি থেকে বাদ পড়েছেন তিনি।
এদিকে ফারিণ বলেন, ‘নানা অনিশ্চয়তার কারণেই সিনেমাটি থেকে সরে এসেছি। ছবির প্রযোজক অতনু রায় চৌধুরীর সঙ্গে দীর্ঘ সময় ধরে আলাপ করার পর এই সিদ্ধান্ত নিয়েছি। আপাতত সিনেমাটিও হচ্ছে না।’
তাসনিয়া ফারিণ অবশ্য এই ছবি থেকে সরে আসা প্রসঙ্গে ভিসা জটিলতা অন্যতম কারণ হিসেবে উল্লেখ করছেন। তিনি বলেন, ‘আওয়ামী সরকার পতনের পর বাংলাদেশ থেকে ভারতের ভিসা জটিলতা তৈরি হয়েছে। ভিসা পেতে সময় লাগছে। নির্ধারিত নভেম্বর মাসে শুটিং শুরু করা না গেলে সমস্যা। কিন্তু সঠিক সময়ে বাংলাদেশ থেকে ভিসা পাওয়াও অনিশ্চিত। এসব কারণে ছবিটিতে কাজ করা হচ্ছে না।’এর আগে ‘পাত্রী চাই’ নামে কলকাতার আরেকটি ছবিতে কাজের কথা ছিল ফারিণের। সেটিও গত বছর বাতিল হয়েছে। পরপর দুটি ছবিতে কাজ বাতিল হওয়াকে কাকতালীয় বলছেন ফারিণ।
