রাবেয়া খানের নেতৃত্বে ‘এ’ দলের আদলে জাতীয় দলের ক্রিকেটাররাই খেলছেন শ্রীলঙ্কায়। দুই দলের প্রথম এক দিনের ম্যাচটি ভেসে গিয়েছিল বৃষ্টিতে। গতকাল দ্বিতীয় একদিনের ম্যাচটি বৃষ্টির কারণে নেমে আসে ২০ ওভারে। ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কা ‘এ’ দলকে ১১৩ রানে আটকে দিয়ে ১২ বল বাকি থাকতে ৭ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ ‘এ’ দল।
টস জিতে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কার ব্যাটারদের চাপে রাখেন বাংলাদেশের বোলাররা। শ্রীলঙ্কার ইনিংসে সর্বোচ্চ ৩৬ রান করেন সাথ্যিয়া সান্দিপানি। রাবেয়া ও ফাহিমা নেন দুটি করে উইকেট।
লক্ষ্য তাড়া করতে নেমে ২ ছক্কা ও ৩ চারে ৩৪ বলে ৪৭ রান করেন দিলারা জামান। ৩৪ বলে ৩০ রান করেন মুর্শিদা। অপরাজিত ২৪ রান করেন নিগার সুলতানা জ্যোতি। তার ইনিংসে ছিল ৪টি চার। রান তাড়ায় প্রথম ওভারেই শামীমা সুলতানাকে হারায় বাংলাদেশ। তবে একপ্রান্তে দ্রুত রান বাড়ান দিলারা, আরেক প্রান্তে দেখেশুনে খেলতে থাকেন মুর্শিদা। দ্বিতীয় উইকেটে তাদের ৭৪ রানের জুটিতে জয়ের ভিত পেয়ে যায় বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা ‘এ’ দল : ২০ ওভারে ১১৩/৫ (রাবেয়া ২/১৮, ফাহিমা ২/১০) বাংলাদেশ ‘এ’ দল: ১৮ ওভারে ১১৭/৩ (শামীমা ১, দিলারা ৪৭, মুর্শিদা ৩০, নিগার ২৪*, রিতু ১১*, চেথানা ১/২০) ফল : বাংলাদেশ নারী ‘এ’ দল ৭ উইকেটে জয়ী।
