ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান প্রকৌশলীর দপ্তর থেকে টেন্ডার ডকুমেন্টসহ গুরুত্বপূর্ণ নথিপত্র চুরির অভিযোগ উঠেছে। গত ১৩ আগস্ট সংস্থাটির অঞ্চল-৩ এর নির্বাহী প্রকৌশলী মিথুন চন্দ্র শীলের নেতৃত্বে কয়েকজন চিফ ইঞ্জিনিয়ারের রুমে ঢুকে কম্পিউটার থেকে সিটি করপোরেশনের স্পর্শকাতর নানা তথ্য চুরি করে নিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গত ২ সেপ্টেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এক শুনানির পরিপ্রেক্ষিতে লিখিত বিবৃতি দেন ডিএসসিসির সদ্য সাবেক প্রকৌশলী আশিকুর রহমান। সেখানে তিনি উল্লেখ করেন, নিজেদের দুর্নীতি ধামাচাপা দেওয়ার জন্য গত ১২ আগস্ট থেকে কয়েকজন মিলে সিটি করপোরেশনে অস্থিরতা সৃষ্টি করেন। এর পরদিন অর্থাৎ ১৩ আগস্ট জীবন ও মর্যাদা রক্ষার জন্য প্রধান নির্বাহী কর্মকর্তার মোবাইল ফোনে ঐচ্ছিক অবসরের কথা জানান। তার ভাষ্য ‘যার ফলে অপূরণীয় সম্মানহানি ঘটে। দরজা খুলে প্রধান প্রকৌশলীর দপ্তরে রক্ষিত কম্পিউটার থেকে গোপনীয় ও ব্যক্তিগত তথ্য নির্বাহী প্রকৌশলী মিথুন শীল চুরি করেন।’
ডিএসসিসির অঞ্চল-৩ এর নির্বাহী প্রকৌশলী মিথুন চন্দ্র শীল সাবেক মেয়র তাপসের লোক হিসেবে পরিচিত। সেই সুবাদে পেয়েছেন লাভজনক অনেক প্রকল্পের দায়িত্বও। নানা অনিয়ম-দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলেও কোনো ব্যবস্থা নেয়নি তৎকালীন প্রশাসন। তবে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার বিদায় নিলে খোলস পাল্টাতে শুরু করেন এই প্রকৌশলী। নিজের দুর্নীতির অভিযোগ থেকে বাঁচতে প্রধান প্রকৌশলীর দপ্তরে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
ডিএসসিসির সদ্য সাবেক প্রধান প্রকৌশলী আশিকুর রহমান দেশ রূপান্তরকে বলেন, ‘সিটি করপোরেশনের চিফ ইঞ্জিনিয়ারের কম্পিউটারে টেন্ডার ডকুমেন্টস-সহ নানা গোপনীয় তথ্য সংরক্ষিত থাকে। সেখানে আমার ব্যক্তিগত নানা বিষয় রেখেছিলাম। কিন্তু মিথুন চন্দ্র শীল আমার রুমে ঢুকে কম্পিউটারের স্পর্শকাতর অনেক তথ্য নিয়ে গেছেন।
