জামিল আহমেদের মতো ‘স্বৈরাচারের দোসর’ কীভাবে শিল্পকলা একাডেমির ডিজি হয়, সে প্রশ্ন রেখেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর মাতুয়াইল এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে ছাত্র-জনতার আন্দোলনে নিহত তিনটি পরিবারে তারেক রহমানের পক্ষ থেকে অর্থসহায়তা দিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
রিজভী বলেন, আমরা এখন দেখতে পাচ্ছি কেউ কেউ আবার বলছে, শেখ হাসিনার সঙ্গে সংলাপ করা দরকার দেশে একটি স্থিতিশীল পরিবেশের জন্য। কেন? হিটলারের সঙ্গে কি সংলাপ করা যায়? আবার আমরা ইয়াহিয়া খান, টিক্কা খানকে ডেকে নিয়ে এসে সংলাপ করব? এসব বলা লোক সৈয়দ জামিল আহমেদকে শিল্পকলা একাডেমির ডিজি বানানো হয়েছে। এগুলো হচ্ছে কেন? তিনি কয়েক দিন আগে বলেছেন, পালিয়ে থাকা রামেন্দ্র মজুমদার, নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু এদের নিয়ে আসা দরকার। আমার প্রশ্ন তারা পালিয়েছে কেন? তারা আত্মগোপনে আছে কেন?
বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ২৫ জন ডিসি দিয়েছেন। এই ২৫ জন ডিসির সবগুলোই ছিল ছাত্রলীগের। এরা এখন ডিসি হয়ে গেছে। এরা তো গণতন্ত্রের পক্ষে কাজ করবে না। আজ যারা আয়নাঘর করেছে, সাগর-রুনির হত্যাকাণ্ডকে যারা ধামাচাপা দিয়েছে, যারা একের পর এক দুষ্কর্ম করেছে, তাদেরই তো এরা প্রশ্রয় দেবে।
