কোটা সংস্কার আন্দোলনের সময় রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে সাত দিনের রিমান্ড শেষে শহিদুল হককে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার সাব-ইন্সপেক্টর বায়েজীদ বোস্তামী। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত ২১ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২৯ জনের বিরুদ্ধে নিউমার্কেট থানায় মামলাটি করেন ওয়াদুদের শ্যালক আব্দুর রহমান। পরে গত ৪ সেপ্টেম্বর ভোরে উত্তরা এলাকা থেকে শহীদুলকে গ্রেপ্তার করে পুলিশ। সাবেক এই পুলিশ প্রধান হত্যাসহ একাধিক মামলার আসামি। শহীদুল হক ২০১৪ সালের ডিসেম্বর থেকে ২০১৮ সালের জানুয়ারি পর্যন্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন।
