গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বিরুদ্ধে দায়ের হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে অব্যাহতি দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। বুধবার (১১ সেপ্টেম্বর) চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবির চৌধুরীর আদালত এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) মেজবাহ উদ্দিন চৌধুরী জানান, ২০২১ সালের ২৫ এপ্রিল কুমিল্লার বাঙ্গরা বাজার থানায় নুরুল হক নুরুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলা থেকে তাকে অব্যহতি দেওয়া হয়েছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) আদালতে মামলাটির অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। কিন্তু বাদী ও অভিযুক্ত কোনোপক্ষই আদালতে উপস্থিত ছিলেন না। আদালত নুরুর বিরুদ্ধে অভিযোগ গঠনের মতো কোনো উপাদান না পাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন।
নুরের বিরুদ্ধে মামলাটি করেছিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা রাসেল মিয়া। মামলায় নুরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের লাইভে এসে ধর্মীয় মূল্যবোধে আঘাত করে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ করেছিলেন রাসেল।
মামলার তদন্ত শেষে ২০২২ সালের ৯ আগস্ট আদালতে অভিযোগপত্র জমা দেন তৎকালীন বাঙ্গরা বাজার থানার উপ-পরিদর্শক (এসআই) রনি চৌধুরী। এতে তিনি নুরুল হক নুরের বিরুদ্ধে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে অপরাধের প্রাথমিক সত্যতা পেয়েছিলেন বলে উল্লেখ করেছিলেন।
