ফরিদপুরের আলফাডাঙ্গায় স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক শতাধিক শিক্ষার্থী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হাসানের পদত্যাগ চেয়ে বিক্ষোভ করেছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় শিক্ষার্থীরা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ করে ডা. নাজমুল হাসানের রুমে তালা মেরে দেন। তবে এ সময় ওই কর্মকর্তা হাসপাতালে ছিলেন না। এর আগে শিক্ষার্থীরা ডা. নাজমুল হাসানের পদত্যাগের জন্য গত ১০ সেপ্টেম্বর ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন।
সমাবেশে শিক্ষার্থীরা জানান, আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ডা. নাজমুল হাসান প্রায় ৮ বছর ধরে চাকরি করছেন। ৪ বছর আগে আবাসিক মেডিকেল অফিসার থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে একই প্রতিষ্ঠানে পদোন্নতি পান। এরপর থেকে ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতিতে জড়িয়ে পড়েন। বৃহস্পতিবার কঠোর আন্দোলন হবে জানতে পেরে ওই কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।
আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. জিনিয়া বলেন, শিক্ষার্থীরা স্যারের পদত্যাগ চেয়ে বিক্ষোভ করেছে। তারা একটি স্মারকলিপি প্রদান করেছে। আমরা সেটা ইমেলে ফরিদপুর সিভিল সার্জন অফিসে পাঠিয়েছি। স্যার ১২ সেপ্টেম্বর থেকে ৭ দিনের ছুটি নিয়েছেন। স্যারের দুর্নীতি বা অনিয়মের বিষয়ে আমাদের কিছু জানা নেই।
ডা. নাজমুল হাসানের সাথে এ বিষয়ে কথা বলার জন্য কল দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়। এছাড়া ফরিদপুরের সিভিল সার্জন অফিসে ব্যবহৃত নম্বরে একাধিক বার ফোন দিলেও কেউ সাড়া দেয়নি।
১০০ দিনের কর্মপরিকল্পনা দিলো তথ্য মন্ত্রণালয়