বিদ্যুৎ ও জ্বালানি খাতের ব্যর্থ প্রকল্পগুলো অবিলম্বে বাতিলের দাবি জানিয়ে এই খাতের সংস্কারে স্বাধীন গণতদন্ত কমিশন গঠনসহ ১৬ দফা সুপারিশ করেছে বাংলাদেশ পরিবেশ ও উন্নয়ন বিষয়ক কর্মজোট (বিডব্লিউজিইডি)।
গতকাল বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি হলে ‘বিদ্যুৎ ও জ্বালানি খাত সংস্কার, নাগরিক প্রত্যাশা’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব সুপারিশ তুলে ধরা হয় জোটের পক্ষ থেকে। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিডব্লিউজিইডির সদস্য সচিব হাসান মেহেদি।
তিনি বলেন, অতীতে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমানোর কথা বলা হলেও বাস্তবে কোনো অগ্রগতি হয়নি। গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো ৪৯ শতাংশ সময় বিদ্যুৎ উৎপাদন করে, বাকি ৫১ শতাংশ সময় অকার্যকর থাকে। তবুও নতুন নতুন এলএনজিভিত্তিক গ্যাসভিত্তিক কেন্দ্রের অনুমোদন দেওয়া হয়েছে, যা অগ্রহণযোগ্য। এসব ব্যর্থ প্রকল্পের অনুমোদন বন্ধ করে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানির দিকে মনোনিবেশ করতে হবে।
সংবাদ সম্মেলনে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ‘একটা চক্র গড়ে উঠেছিল’ বলে মন্তব্য করেন সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম।
