কোটা সংস্কার আন্দোলনে গত ৫ আগস্ট ঢাকার আশুলিয়ায় হত্যার পর লাশ আগুনে পুড়িয়ে দেয়ার ঘটনায় পুলিশ ইন্সপেক্টর আরাফাতকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৩ (র্যাব)। বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) রাতে রাজধানী আফতাবনগর থেকে আরাফাতকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় র্যাব।
এর আগে একই ঘটনার অভিযোগে গত ২ সেপ্টেম্বর রাত ১০টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সুপার নিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) আব্দুল্লাহিল কাফিকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
প্রসঙ্গত, সরকার পতনের দিন আশুলিয়া থানার সামনে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। এতে দেখা যায়, দুজন পুলিশ সদস্যের একজন হাত ও একজন পা ধরে ভ্যানে একটি লাশ নিক্ষেপ করছেন। এর আগেই ভ্যানে লাশের স্তূপ করে কাপড় দিয়ে ঢেকে দেন তারা। সর্বশেষ লাশটি তুলে একটি ব্যানার দিয়ে ঢেকে দেয়া হয়। শেষে পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা মেলে।
