শিগগিরই চালু হতে পারে কাজীপাড়া মেট্রো স্টেশন

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৮ পিএম

ব্যস্ততম রাজধানীর অন্যতম বাহন মেট্রোরেল নিয়ে শিগগিরই সুখবর আসছে। আন্দোলনের সময় ভাঙচুরের শিকার হয়ে বন্ধ হয়ে যাওয়া কাজীপাড়া মেট্রো স্টেশন শীঘ্রই চালু হতে পারে। এছাড়া শুক্রবারেও মেট্রোরেল চলাচলের ঘোষণা আসতে পারে কয়েক দিনের মধ্যে।

ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) বলছে, আগামী বুধবারই নতুন ঘোষণা আসতে পারে। গত সপ্তাহে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া মেট্রোরেল স্টেশনে মেরামতের কাজ শুরু হয়েছে। 

শনিবার (১৪ সেপ্টেম্বর) স্টেশন চালুর কারিগরি নানাদিক পরীক্ষা করে দেখা হয়েছে। আর শুক্রবার মেট্রোরেল চলাচল শুরু করার জন্য জনবলের কাজের পালা (রোস্টার) প্রায় ঠিক হয়ে গেছে।

ডিএমটিসিএলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিকের চুক্তিভিত্তিক নিয়োগ গত সপ্তাহে বাতিল করে সরকার। নতুন ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আবদুর রউফ। দায়িত্ব নিয়েই তিনি দ্রুত কাজীপাড়া স্টেশন চালু এবং শুক্রবারে মেট্রোরেল চলাচল শুরু করার ওপর জোর দিয়েছেন।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপমহাব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল ইসলাম ভূঁইয়া দেশ রূপান্তরকে বলেন, কাজীপাড়া স্টেশনের কাজ প্রায় শেষের দিকে। খুব শিগগিরই চালু করা হবে। সেই সাথে শুক্রবারে মেট্রোরেল চলার কাজ প্রায় প্রস্তুত। সামনে সংবাদ সম্মেলনে এক সাথে দুটির বিষয় জানিয়ে দিবেন মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক।

ডিএমটিসিএলের নতুন ব্যবস্থাপনা আবদুর রউফ বলেন, কাজীপাড়া স্টেশনটি স্থানীয়ভাবে পাওয়া যন্ত্রপাতি, সরঞ্জাম ও উপকরণ দিয়ে মেরামত করা হচ্ছে। তিনি বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে দ্রুত যাত্রীদের স্বস্তি দেওয়া। এ জন্য সাশ্রয়ী তবে নিরাপদ রক্ষণাবেক্ষণের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত