সশস্ত্র বাহিনীর ২৩০ কর্মকর্তা চাকরি ফেরত চান

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৯ এএম

আওয়ামী লীগ সরকারের আমলে সশস্ত্র বাহিনী থেকে চাকরি হারানো ২৩০ জন কর্মকর্তা চাকরি ফেরত চেয়েছেন। আর অবসরে যাওয়া সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা সরকারের গুরুত্বপূর্ণ কাজে নিজেরা থাকতে আগ্রহ প্রকাশ করেছেন। গতকাল শনিবার রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে এক অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত কর্মকর্তারা এসব দাবি করেন।

তারা বলেন, শেখ হাসিনা সরকার সেনাবাহিনীর কতিপয় কর্মকর্তাকে দানব বানিয়েছিল। তাদের কয়েকজন ছাড়া পুরো সশস্ত্র বাহিনী ছিল সরকারে প্রতিপক্ষ। তিনি (শেখ হাসিনা) একদিকে যেমন সশস্ত্র বাহিনীকে প্রতিপক্ষ বানান, ঠিক অন্যদিকে পুলিশকে শক্তিশালী করে ক্ষমতায় টিকে থাকতে চান।

রাওয়া রিসার্চ অ্যান্ড স্টাডি ফোরামের (আরআরএসএফ) আয়োজনে ‘জুলাই-আগস্ট ২০২৪ বিপ্লবে সশস্ত্র বাহিনীর অবদান এবং বিপ্লবোত্তর ভূমিকা’ শীর্ষক এই সেমিনার হয়। এতে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিমুল গনি (অব.), লেফটেন্যান্ট কর্নেল মোশাররফ, লেফটেন্যান্ট আবু রুশদসহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন অবসরপ্রাপ্ত শতাধিক কর্মকর্তা।

চাকরিচ্যুত কর্মকর্তারা বলেন, সশস্ত্র বাহিনীর অন্তত ২৩০ জন কর্মকর্তা চাকরি ফিরে পেতে আবেদন করেছেন। এর মধ্যে সেনাবাহিনীর ১৮৫ জন ও নৌবাহিনীর ৪৫ জন কর্মকর্তা রয়েছেন। কর্মকর্তাদের তালিকা ধরে এই আবেদন ১ সেপ্টেম্বর সেনা সদরের সেন্ট্রাল রেকর্ড অফিসে জমা দেওয়া হয়েছে। একই তালিকা ৫ সেপ্টেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবরও জমা দেওয়া হয়েছে। তবে ওই চিঠি জমা দেওয়ার বিষয়ে এখনো সেনা সদর বা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে কোনো বার্তা পাননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত