আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আজ রোববার (১৫ সেপ্টেম্বর) ঢাকায় সমাবেশ করার কথা ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে এই সমাবেশ স্থগিত করেছে দলটি।
শনিবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।
তিনি জানান, স্থগিত সমাবেশের তারিখ পুনঃনির্ধারণ করেছে বিএনপি। বিরূপ আবহাওয়ার কারণের আজকের পরিবর্তে মঙ্গলবার এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে আগামীকাল রবিবারের পরিবর্তে আগামী ১৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
তবে ঢাকায় সমাবেশের তারিখ পরিবর্তন হলেও বিভাগীয় শহরের কর্মসূচি ঠিক আছে। অর্থাৎ রোববারই আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিভাগীয় শহরে র্যালি করবে বিএনপি।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
