অভিনেত্রী পরিচয়ের বাইরে জাকিয়া বারী মম একজন গায়িকাও। তবে সবসময় গান করেন না , মাঝেমধ্যেই কণ্ঠে তুলে নেন সুর। সেই ধারাবাহিকতায় এবার তুললেন রাবীন্দ্রিক টোন অর্থাৎ গাইলেন রবীন্দ্রসংগীত।
গানটির শিরোনাম ‘তোমার খোলা হাওয়া’। গানটির সংগীতায়োজন করেন আহমেদ রাজীব। গত এপ্রিলে গানটির রেকর্ডিং ও শুটিং শেষ হয়। মাঝে রাজনৈতিক অস্থিরতার চাপে সেই প্রজেক্ট মুক্তিতে পিছিয়ে পড়ে। জানা গেছে, চলতি মাসেই একটি ইউটিউব চ্যানেলে গানচিত্রটি প্রকাশ হবে।
গানটি প্রসঙ্গে মম বলেন, ‘আমি মাঝে মাঝে গান করি, নিজের জন্য। তবে এভাবে আয়োজন করে গান গাওয়া হয় না সচরাচর। এই গানটিতে কণ্ঠ দিয়েছিলাম বেশ আগে। এবার সেটি প্রকাশ হতে যাচ্ছে শুনে ভালো লাগছে। আমিও আগ্রহ নিয়ে আছি সবার সঙ্গে শোনার জন্য।’
এর আগে শিহাব শাহীন পরিচালিত ‘রূপকথা এখন আর হয় না’ নাটকে গেয়েছিলেন মম। সে এক বিখ্যাত সিনেমার গান। আমজাদ হোসেনের লেখা ও আলাউদ্দিন আলীর সুরে ‘একবার যদি কেউ ভালোবাসতো’। নতুন সংগীতায়োজনে কিংবদন্তি এই গানটি কণ্ঠে তুলে ভালোই প্রশংসিত হন অভিনেত্রী মম।
জানা গেছে, আহমেদ রাজীবের উদ্যোগে ২০ জন কণ্ঠশিল্পীর কণ্ঠে ২০টি গানের অডিও/ভিডিও গান করেছে নতুন প্রতিষ্ঠান এনএইচটি মিউজিক বক্স। ইতোমধ্যেই প্রজেক্টের আওতায় নির্মিত ৫টি গান প্রকাশ হয়েছে। সেই ধারাবাহিকতায় শিগগিরই প্রকাশ হচ্ছে মম’র কণ্ঠে ‘খোলা হওয়া’।
