মাজারের শান্তিশৃঙ্খলা রক্ষায় ব্যবস্থা নিতে ডিসিদের নির্দেশ

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৯ পিএম

দেশের বিভিন্ন স্থানে মাজারে হামলা প্রতিরোধ করে সেখানকার শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

আজ রবিবার (১৫ সেপ্টেম্বর) মন্ত্রণালয় থেকে পাঠানো চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়, পরবর্তিত পরিস্থিতিতে দেশের আইন-শৃঙ্খলা বিঘ্নিত করার উদ্দেশ্যে কতিপয় দুষ্কৃতকারী দেশের বিভিন্ন স্থানে মাজারে হামলা চালাচ্ছে, যা উদ্বেগজনক ও অনাকাঙ্ক্ষিত। মাজার ওলি-আউলিয়া ও দরবেশদের সমাধিস্থল বিবেচনায় এর অনুসারীরা দীর্ঘ ঐতিহ্যের সঙ্গে ভক্তি-শ্রদ্ধা ও জিয়ারত করে আসছেন।

চিঠিতে মাজারে শান্তি-শৃঙ্খলা ও ভক্তদের চলাচল স্বাভাবিক রাখার জন্য জেলা প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়। এ ছাড়া কোনো জেলায় কোনো মাজারে হামলার আশঙ্কা থাকলে সেক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়াসহ বিষয়টি ধর্ম মন্ত্রণালয়কে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত