ভেনিজুয়েলাকে ‘অস্থিতিশীল’ করার অভিযোগ, তিন মার্কিনসহ গ্রেপ্তার ৬

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৫ পিএম

চলতি বছরের শুরুর দিকে বিতর্কিত নির্বাচনের পর থেকে রাজনৈতিক সংকটে পড়েছে ভেনিজুয়েলা। দেশটিকে ‘অস্থিতিশীল’ করার ষড়যন্ত্রের অভিযোগে মার্কিন নেভি সিল সদস্যসহ ৬ বিদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে তিন মার্কিনী, দুই স্প্যানিয়ার্ড ও চেক প্রজাতন্ত্রের এক নাগরিক রয়েছেন। শনিবার (১৪ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে ভেনিজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলো এ তথ্য জানান। খবর সিএনএনের।

স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলো জানান, সিআইএ’র নেতৃত্বে এই ষড়যন্ত্রের প্রধান লক্ষ্য ছিল নিকোলাস মাদুরোকে হত্যা। উইলবার্ট কাস্তেনেদা নামে নেভি সিলকে সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে, তিনিই এই অভিযানের নেতা। মন্ত্রী আটক অপর দুই মার্কিন নাগরিক ডেভিড এস্ট্রেলা ও অ্যারন ব্যারেট লোগানের নামও উল্লেখ করেছেন।

এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এই দাবিকে প্রত্যাখ্যান করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ভেনিজুয়েলার মন্ত্রীর এমন বক্তব্যকে ‘নিঃসন্দেহে মিথ্যা’ বলে আখ্যায়িত করেছে। অভিযোগটি এমন সময় এসেছে যখন বিতর্কিত নির্বাচনে মাদুরোর জয়কে ভেনিজুয়েলার বিরোধী দল, লাতিন আমেরিকার একাধিক নেতা ও যুক্তরাষ্ট্র স্বীকৃতি দিতে নারাজ।

চলতি মাসের শুরুর দিকে সিএনএন জানায়, গত আগস্টে কারাকাসে কাস্তেনেদাকে গ্রেপ্তার করা হয়। সে সময় মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছিল, তিনি একজন নাবিক, যিনি ভেনিজুয়েলায় গিয়েছিলেন। গত সপ্তাহে ভেনিজুয়েলার অ্যাটর্নি জেনারেল তারেক উইলিয়াম সিএনএনকে বলেন, ওই নাবিক একজন মেক্সিকান-আমেরিকান নাগরিক। যথাযথ কাগজপত্র ছাড়া ভেনিজুয়েলায় প্রবেশের জন্য তার বিরুদ্ধে তদন্ত চলছে।

সংবাদ সম্মেলনে কাবেলো বলেন, আমেরিকান ছাড়াও হোসে মারিয়া বাসুয়া ভালদোভিনোস ও আন্দ্রেস মার্টিনেজ আদাসমে নামে দুই স্প্যানিশ নাগরিক এবং জান দারমোভজাল নামে এক চেক নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া, ষড়যন্ত্রে ব্যবহৃত ৪০০ মার্কিন রাইফেলও জব্দ করা হয়েছে।

স্পেনের ন্যাশনাল ইন্টেলিজেন্স সেন্টারও এ ষড়যন্ত্রে জড়িত রয়েছে দাবি করে সংবাদ সম্মেলনে কাবেলো বলেন, সিআইএ এই অভিযানের অগ্রভাগে রয়েছে। এটা আমাদের মোটেও অবাক করে না। তিনি অভিযোগ করেন, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও ভাইস প্রেসিডেন্টসহ অন্যান্য উচ্চপদস্থ রাজনীতিবিদদের হত্যার সুস্পষ্ট উদ্দেশ্য ছিল এই অভিযানের।

অবশ্য মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এই অভিযোগ অস্বীকার করেছে। মাদুরোকে উৎখাতের ষড়যন্ত্রে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার যে দাবি করা হয়েছে তা নিঃসন্দেহে মিথ্যা বলে উল্লেখ করেছে এক মুখপাত্র। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত