বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের নাম নিয়ে কেউ যেন অপব্যবহার করতে না পারে সেদিকে নজর রাখতে আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম। তিনি বলেছেন, একটি বিষয় লক্ষ্য রাখবেন— আমাদের শহীদ পরিবারের যেসব ভাইয়েরা আছেন, তাদেরকে ব্যবহার করে অনেকে মামলা দিচ্ছে। যেখানে কিছু নির্দোষ মানুষের নাম ঢুকিয়ে দিচ্ছে এবং হয়রানি করছে। কেউ কেউ এই মামলায় নাম দেওয়া, নাম কাটা, এ ধরনের ব্যবসা করছে। শহীদের নাম নিয়ে এভাবে যেন কেউ অপব্যবহার না করতে পারে।
রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে মানিকগঞ্জ শিল্পকলা একাডেমিতে বৈষম্যবিরোধী আন্দোলনে মানিকগঞ্জে শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের সঙ্গে মতবিনিমিয়কালে এসব কথা বলেন তিনি।
সারজিস আলম বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেসব সদস্য সরাসরি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলো এবং যাদের বিরুদ্ধে যথাযথ প্রমাণ আছে, প্রচলিত আইনের মাধ্যমে তাদের বিচার হতে হবে।
তিনি বলেন, পুলিশের যদি বিচার না হয়, বিচার করার বিষয়টি প্রশ্নবিদ্ধ হবে। এখানে যে দু’টি নাম আসছে, পুলিশের হোক বা অন্য যেই হোক, যে দোষী তার বিচার হইতে হবে।
সারজিস আলম বলেন, এসব কালপ্রিটদের বিচার হতে হবে। পরবর্তীতে তারা আমার ভাই-বোনদের হুমকি তো দূরের কথা বিন্দুমাত্র কথা বলার দুঃসাহস দেখালে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
শহীদ ও আহতদের স্বজনদের উদ্দেশ্যে এ সমন্বয়ক বলেন, ১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের যেভাবে আমরা সম্মান দিয়েছি ঠিক একইভাবে ২৪ এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের একেক জনও কিন্তু মুক্তিযোদ্ধা। সে জন্য তাদের স্বীকৃতি দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। আমরা প্রতিটি জেলায় যাচ্ছি, উদ্দেশ্য হলো এই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে তাদের সঙ্গে কথা বলা। যে সকল ভাইয়েরা নিজের জীবন দিয়েছে তাদের পরিবারের সঙ্গে কথা বলা। যারা আহত হয়েছে তাদের চিকিৎসার খোঁজখবর নিচ্ছি। আমাদের অনেক ভাইয়েরা ঋণ নিয়ে চিকিৎসা নিচ্ছেন। এই সকল বিষয় নিয়েই কি করতে পারি, সে জন্য আমাদের আসা।
এর আগে সকালে মানিকগঞ্জ জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেন কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম। দুপুরের দিকে আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। বিকালের দিকে জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
আসিয়ানের সদস্য পদে বাংলাদেশকে সমর্থন মালয়েশিয়ার
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, বাড়বে দিন ও রাতের তাপমাত্রা
মুরগি ও ডিমের দাম বেঁধে দিল সরকার