শরীয়তপুরে ভারী বর্ষণে সড়ক ধসে যান চলাচল বন্ধ

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৪ পিএম

ভারী বর্ষণে শরীয়তপুরের প্রেমতলা বাঘিয়া এলাকায় সড়ক ধসে শরীয়তপুর সদর-নড়িয়া উপজেলা সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছে এই রুটে চলাচলকারীরা। এদিকে সড়কের নিচে থাকা পাইপ ভেঙে যাওয়ায় বাঘিয়া গ্ৰামের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। ফলে পানিবন্দি হয়ে পড়েছে ওই গ্ৰামের অন্তত ২৫০ পরিবার। সড়কটি সংস্কারে অন্তত ২৪ ঘণ্টা সময় লাগতে পারে বলে জানিয়েছে জেলা সড়ক ও জনপথ বিভাগ।

শরীয়তপুর সড়ক ও জনপথ বিভাগ এবং স্থানীয় সূত্রে জানা যায়, শরীয়তপুর-নড়িয়া সড়কের প্রেমতলা এলাকায় দুপাশের পানি সরানোর জন্য একটি পাইপ বসানো ছিল। গত তিনদিনের টানা বৃষ্টিতে সোমবার সকাল ৭টার দিকে পাইপটি ভেঙে গিয়ে সড়ক ধসে ২০ ফুট বড় গর্তের সৃষ্টি হয়েছে। যাত্রীদের নিরাপত্তায় সড়কটিতে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। সড়কে ভারী যানবাহন চলাচল বন্ধ থাকলেও ছোট আকারের যানবাহনকে বিকল্প হিসেবে বালাখানা-শরীয়তপুর সদর সড়কে চলাচলের অনুরোধ করা হয়েছে। দুপুর থেকে সড়কটিতে ৩০ ফুট বেইলি সেতু সংস্কারে সড়ক ও জনপথ বিভাগ কাজ করে যাচ্ছে। সড়কটি সংস্কারে অন্তত ২৪ ঘণ্টা সময় লাগতে পারে।

অটোরিকশা চালক আনোয়ার হোসেন বলেন, আমরা নড়িয়া-শরীয়তপুর সড়কে গাড়ি চালাই। আজ সকাল থেকে প্রেমতলা এলাকায় সড়ক ধসে গর্ত হয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। সদরে যেতে হলে ৪/৫ কিলোমিটার ঘুরে যেতে হয়। আমরা এই সমস্যার দ্রুত সমাধান চাই।

প্রেমতলা বাঘিয়া এলাকার বাসিন্দা জাহাঙ্গীর হোসেন জানান, সড়ক ধসের কারণে পাইপ বন্ধ হয়ে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। গত কয়েক দিনের বৃষ্টিতে এলাকার অন্তত ২৫০ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। আমরা সড়কটির দ্রুত সংস্কার চাই। পানিবন্দি থেকে মুক্তি চাই।

জেলা সড়ক ও জনপদ বিভাগের উপ-প্রকৌশলী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, তিনদিনের টানা বৃষ্টিতে সড়কের নিচে আগের বসানো পাইপটি ভেঙে গেছে। পরে দুর্ঘটনায় এড়াতে যানচলাচল বন্ধ রাখা হয়। একটি বেইলি নির্মাণে কাজ করা হচ্ছে। আগামীকাল বিকালের মধ্যে সড়ক দিয়ে যানচলাচল স্বাভাবিক হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত