কুমিল্লায় ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ 

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৩ পিএম

কুমিল্লার বুড়িচংয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন। খবর পেয়ে সেনাবাহিনীর একটি টহল দল ঘটনাস্থলে গেলে দুই পক্ষ পালিয়ে যায়। সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকালে বুড়িচং সদরের হতাশার মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির হরতাল কর্মসূচি ছিল। সেসময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা জাকির নামের এক স্বেচ্ছাসেবক দলের নেতাকে পিটিয়ে আহত করেন। পরে জাকিরকে আটক করতে পুলিশ তার বাড়িতে অভিযান চালালে পালাতে গিয়ে জাকিরের মৃত্যু হয়। 

ওই ঘটনায় গত ৯ সেপ্টেম্বর বুড়িচং থানায় উপজেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক মাহফুজ বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলায় কুমিল্লা-৫ আসনের সাবেক সংসদ সদস্য এমএ জাহেরকে প্রধান আসামি করা হয়। ওই মামলায় আসামি হওয়া তানভীর ও সাইফুল নামের দুই আওয়ামী লীগ নেতা বাছির খানের অনুসারী হয়েও সম্প্রতি নিজেদের ছাত্রদলের নেতা দাবি করে সংবাদ সম্মেলন করেন। ওই মামলা থেকে তাদের নাম বাদ দিতে বাদী মাহফুজকে হুমকি দেন ছাত্রদলের (জসীম গ্রুপের) নেতারা। কথা না শোনায় বাদী মাহফুজের ওপর হামলা চালানো হয়।

ওই হুমকি ও হামলার প্রতিবাদে সোমবার বিকালে উপজেলা সদরের হতাশার মোড়ে প্রতিবাদ সভার আয়োজন করেন ছাত্রদলের (মিজান চেয়ারম্যান) গ্রুপের নেতারা। এসময় (দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জসীম উদ্দিনের গ্রুপের) ছাত্রদলের নেতারা দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভকারীদের সমাবেশে হামলা চালায়। এতে উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাইফুল ইসলাম হামলার বাধা দিতে এগিয়ে গেলে তাকে কুপিয়ে আঘাত করা হয়। এসময় গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বুড়িচং থানার ওসি মো. আজিজুল হক বলেন, ঘটনার পর সেনাবাহিনীর পরিস্থিতি শান্ত করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। কেউ কোনো লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত