বাংলাদেশ বনাম ভারতের প্রথম টেস্টের উইকেট কেমন হবে? গত কয়েকদিন ধরে এ নিয়েই চলছে জল্পনা। প্রথম টেস্টের ভেন্যু চেন্নাইয়ের উইকেট সবসময়ই স্পিন সহায়ক হয়ে থাকে। মিরপুরের মতো ধীরগতির উইকেটও দেখা যায়। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, চেন্নাই টেস্ট হবে সম্ভবত লাল মাটির উইকেটেই।
চেন্নাইয়ের এমএ চিদাম্বারাম স্টেডিয়ামের ৯টি উইকেটের ৩টি লাল মাটির উইকেট। মুম্বাই থেকে এই মাটি আনা হয়েছে। এই মাটিতে পিচ বানালে পেস-স্পিন, সব ধরনের বোলিংয়েই সেখানে সাধারণত সমান বাউন্স পাওয়া যায়। বল অনেকটা ধীরেই আসে। শুরুতে ভারতীয় দল লাল ও কালো দুই ধরনের উইকেটে অনুশীলন করলেও গতকাল সোমবার পুরো অনুশীলন করেছে লাল মাটির উইকেটে। এতে জল্পনা আরও বেড়েছে।
ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, বাংলাদেশ-ভারত টেস্টে এবার চেন্নাইয়ে লাল মাটির একটি উইকেটেই খেলা হবে। সেখানে বাড়তি বাউন্স থাকবে, বল কিপারের কাছ যাবে অনেকটা লাফিয়ে। অবশ্য চেন্নাইয়ের তীব্র গরমে টেস্টের সময় যত গড়াবে, পিচ স্পিনারদের পক্ষে যাবে। সেইসঙ্গে দুর্দান্ত রিভার্স সুইং পাবেন পেসাররা। তাই দুই দলের সম্ভাব্য একাদশ নিয়ে কৌতুহল জাগছে। একাদশে তিন পেসার থাকবে, নাকি তিন স্পিনার?
টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরুর পর থেকে দেশের মাঠে ভারত স্রেফ একটি টেস্টেই তিন পেসার খেলিয়েছে। ২০১৯ সালে কলকাতার সেই দিবা-রাত্রির ম্যাচটি ছিল বাংলাদেশের বিপক্ষেই। মাত্র আড়াই দিনে মুমিনুলদের গুঁড়িয়ে দিয়েছিলেন ভারতীয় পেসাররা। এবার কি তেমনই কিছু হবে? অন্যদিকে বাংলাদেশ দলে সাকিব-মিরাজের মতো দুই অল-রাউন্ডার থাকায় পাঁচ বিশেষজ্ঞ বোলার নিয়ে একাদশ সাজানো সহজ।
বাংলাদেশ যদি তিন স্পিনার খেলায়, তাহলে সাকিব-মিরাজের সঙ্গী হওয়ার দৌড়ে অভিজ্ঞতার বিচারে এগিয়ে থাকবেন তাইজুল ইসলাম। এক্ষেত্রে নাঈম হাসানকে বেঞ্চে বসতে হবে। একাদশের বাকি দুই পেসার তখন বেছে নিতে হবে। আর তিন পেসার খেলানো হলে তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানারই খেলার কথা। সেক্ষেত্রে স্পিন আক্রমণে থাকবেন সাকিব-মিরাজ।
কোহলির উদাহরণ টেনে বাবরকে নেতৃত্ব ছাড়তে বললেন ইউনিস
কপিল-বোথামের রেকর্ড ছোঁয়ার দ্বারপ্রান্তে সাকিব
চ্যাম্পিয়ন্স লিগের প্রথম রাতেই মাঠে নামবে ৭ চ্যাম্পিয়ন
যে কারণে প্রথমবার চুক্তির মাঝপথে বাংলাদেশ ছেড়েছিলেন হাথুরুসিংহে